চট্টগ্রাম, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত ও সন্দ্বীপ উপজেলার উপকূলবর্তী এলাকায় রোববার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বিকাল তিনটায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস-এর উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। এতে কারিতাসসহ বিভিন্ন বেসরকারি সংস্থার চার শতাধিক কর্মী অংশ নেন।
বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের ঘনত্ব ৪০০ পিপিএম থেকে অন্তত ৩৫০ পিপিএমে নামিয়ে আনার লক্ষ্যে ডেনমার্কে ৩৫০ বার ঘন্টা বাজানোর কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রতিকী ঘন্টা বাজানোসহ উভয় স্থানে ৩৫০ সেকেন্ড নীরবতা পালন করা হয়।
নগরীর পতেঙ্গা সৈকতে এ মানববন্ধন কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
এসময় তিনি বলেন, "উন্নত দেশগুলোর কল-কারখানার দূষণের ফলে দিন দিন বিশ্বের তাপমাত্রা বাড়ছে। এ কারণে সবচেয়ে বেশী ক্ষতির সম্মুখীন হচ্ছে আমাদের মতো ছোট দেশগুলো। আমাদের দেশেও কিছু লোক সমুদ্র উপকূলের গাছ কেটে উপকূলের মানুষকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। এসব অন্যায়ের বিচার করা প্রয়োজন। ব্যক্তি স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থ বড়।"
তিনি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পতেঙ্গা সমুদ্র উপকূলে ১০ হাজার বৃক্ষ রোপনের ঘোষণা দেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র জহিরুল আলম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আসলাম, কারিতাসের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজ প্রমুখ।
পরে অংশগ্রহনকারী সবাই বিশাল সাদা কাপড়ে নিজেদের হাতের ছাপ দিয়ে পরিবেশ দূষণ রোধের অঙ্গীকার করেন।
অপরদিকে, এই কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সমুদ্র ভাঙনে ক্ষতিগ্রস্ত সন্দ্বীপে মানববন্ধন কর্মসূচি পালন করে কারিতাস। উপকূলের তিন কিলোমিটার এলাকা জুড়ে আয়োজিত এ কর্মসূচিতে বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরা ছাড়াও শিক্ষক, সংস্কৃতিকর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ জনগণ অংশ নেন।
মানববন্ধন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখাবুর রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফোরকান উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা শফিক প্রমুখ।
ভাঙন কবলিত সন্দ্বীপকে রক্ষায় এখন থেকে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২৩৪ ঘ.
bdnews24