২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট

উপাচার্যের পদত্যাগসহ ১১ দফা দাবিতে রোববার থেকে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও 'সাধারণ ছাত্র-ছাত্রী পরিষদের' অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 04:27 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্যের পদত্যাগসহ ১১ দফা দাবিতে রোববার থেকে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও 'সাধারণ ছাত্র-ছাত্রী পরিষদের' অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। এদিন কোনো ক্লাশ ও পরীক্ষা হয়নি। ধর্মঘটের সমর্থনে ছাত্রলীগ ও পরিষদ ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে। শিক্ষক নিয়োগে যোগ্যতার মাপকাঠি পুনঃর্নিধারণ, ইন্টার্নশিপ ভাতা বাড়ানো, শিক্ষক-কর্মকর্তা নিয়োগে স্বজনপ্রীতি বন্ধ, শহীদ মিনার নির্মাণ, নারী হলে ক্যান্টিন চালু, মাস্টারদা সূর্যসেন ও বীরকন্যা প্রীতিলতার নামে দুটি হলের নামকরণ ও উপাচার্যের পদত্যাগসহ ১১ দফা দাবিতে এ ধর্মঘট ডাকা হয়। ক্যাম্পাস শাখা ছাত্রলীগ এবং 'সাধারণ ছাত্র-ছাত্রী পরিষদের' আহবায়ক কমল মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায়ের চেষ্টা করে আসছি। কিন্তু উপাচার্য কোনো সাড়া দেননি। উল্টো আন্দোলনকারীদের তিনি নানাভাবে হয়রানি করেছেন।" ধর্মঘটের প্রথম দিনে স্বতস্ফূর্ত সাড়া পাওয়া গেছে দাবি করে তিনি জানান, দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে। এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম চললেও সোমবার থেকে তা বন্ধ করে দেওয়া হবে বলেও জানান এই ছাত্রলীগ নেতা। শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/২২১০ ঘ.