২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পুলিশের সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার'

পুলিশ বাহিনীর জনবল, যানবাহন ও আবাসনসহ সব সমস্যার সমাধানে সরকার কয়েকটি প্রকল্প বাস্তবায়নের বিষয়ে চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 02:12 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ বাহিনীর জনবল, যানবাহন ও আবাসনসহ সব সমস্যার সমাধানে সরকার কয়েকটি প্রকল্প বাস্তবায়নের বিষয়ে চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। রোববার পুলিশ সদরদপ্তরে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, "কীভাবে এসব সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।" বিভিন্ন সমস্যা ও প্রতিকূলতা সত্ত্বেও আইনশৃঙ্খলার উন্নতি হওয়ায় পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান মন্ত্রী। সাহারা খাতুন বলেন, "পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করা না হলে আইনশৃঙ্খলার উন্নতি সম্ভব নয়। এ বাহিনীর জনবল বাড়ানোর পাশাপাশি তাদের আবাসন ও যানবাহন সুবিধার ব্যবস্থা করাও আবশ্যক।" তিনি জানান, বিজয় দিবস উদযাপন ও নববর্ষ বরণের সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার জানান, পুলিশ বাহিনীর জনবল সংকট নিরসনে আগামী তিন বছরে ৩০ হাজার নতুন পুলিশ সদস্য নিয়োগ করা হবে। পাশাপাশি তাদের জন্য গাড়ি, অস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধাদি নিয়ে আলোচনা করা হচ্ছে। সভায় আইজিপি নুর মোহাম্মদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক মতিউর রহমান, পাঁচ ব্যাটালিয়নের সিও ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বিকেলে রাজারবাগ পুলিশ টেলিকম অডিটোরিয়ামে ঢাকা মহানগর পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার শহিদুল হক বলেন, "ঢাকায় কোনো উলফা নেই।" উলফার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরকে কীভাবে দেখা হচ্ছে জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, "এসব হুমকির কোনো ভিত্তি নেই। এরপরও তদন্ত করে দেখা হবে।" এর আগে তিনি জানান, রাজধানীতে কয়েকটি অপরাধ বাড়লেও সীমাবদ্ধতার মধ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে শহিদুল হক জানান, অপরাধীরা পুলিশকে ফলো করে। যেখানে পুলিশ থাকে না তারা সেখানেই অপরাধ ঘটায়। সভায় থানার ওসিসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/এমইউএস/এইচএ/১৯৫৯ ঘ.