ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে তিন পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট।
তারা হলেন সিরাজগঞ্জের সালঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাইজুল ইসলাম, উপপরিদর্শক তোজাম্মেল হোসেন ও হাবিবুর রহমান।
রোববার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের বেঞ্চে হাজির হয়ে তারা ক্ষমা প্রার্থনা করলে আদালত তাদের অব্যাহতি দেয়।
গত ৩ সেপ্টেম্বর সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় তহসিলদার শওকত আলী সালঙ্গা থানায় বলায় সিমলা দারুস সালাম সুন্নত দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আকবর আলী ও তার ছেলে আক্তারুজ্জামান সাচ্চুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় গত ১২ অক্টোবর হাইকোর্টের একই বেঞ্চ আকবর আলী ও সাচ্চুকে আট সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। সেইসঙ্গে এই সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার বা হয়রানি না করতে আইন শৃংখলা বাহিনীকেও নির্দেশ দিয়েছিল আদালত।
হাইকোর্টের আদেশের বিষয়টি উল্লেখ করে আকবর আলী ও সাচ্চুর আইনজীবী আবদুল আলিম মিঞা জুয়েল ১২ অক্টোবর আইনজীবী সনদ প্রদান করেন।
আইনজীবী সনদটি ১৩ অক্টোবর সালঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেওয়া হলে তিনি এ সম্পর্কে কটুক্তি করেন। আট সপ্তাহের মধ্যে গ্রেফতার না করার হাইকোর্টের নির্দেশ অমান্য করে ওইদিনই সালঙ্গা থানা পুলিশ আকবর আলীকে গ্রেফতার করে।
হাইকোর্টের আদেশ অমান্য করার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আকবর আলী ও ছেলে সাচ্চু গত ১৮ অক্টোবর হাইকোর্টে আদালত অবমাননার আবেদন দায়ের করেন।
পরদিন হাইকোর্ট তিন পুলিশ কর্মকর্তার প্রতি আদালত অবমাননার রুল জারি করে ১৫ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দেয়।
আদালতের আদেশে তারা গত ১৫ নভেম্বর ও ৬ ডিসেম্বর হাইকোর্টে হাজির হন।
তারা আবার রোববার হাজির হয়ে আদালতের কাছে নিশর্ত ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে আদালত অবমাননা করবেন না বলে অঙ্গীকার করেন।
তিন পুলিশের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। আকবর আলী ও সাচ্চুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল আলিম মিঞা জুয়েল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৮১২ ঘ.
bdnews24