ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত মানুষ ও কৃষি জমি রক্ষায় উপদ্রুত এলাকার নদীর তীর সংস্কারের বিষয়ে গুরুত্বারোপ করেছেন স্থানীয়রা।
খুলনায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) দ্বিতীয় পর্যায়ের কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে তারা এ অভিমত তুলে ধরেন।
শনিবার এফএও এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিভাগের দাকোপ ও তালা উপজেলায় অনুষ্ঠিত পৃথক এ বিতরণ অনুষ্ঠানে এফএও এর বাংলাদেশ প্রতিনিধি অ্যাড স্পাইকার্স, সাংসদ শেখ মুজিবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দাকোপ উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন আইলায় ক্ষতিগ্রস্তদের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, ঘূর্ণিঝড়ে অনেকেই ঘরবাড়ি হারিয়ে ধ্বংসস্তুপের মতো ভিটেমাটি আঁকড়ে এখনো পড়ে আছেন। স্বাভাবিক জীবন যাপনের উপাদান তাদের নাগালের বাইরে। নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা।
এজন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
গত ২৫ মে'র ঘূর্ণিঝড় আইলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোর মধ্যে দাকোপ অন্যতম।
কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় এফএও আইলায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পশ্চিম জেলা খুলনা ও সাতক্ষীরায় কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করে আসছে।
অনুষ্ঠানে অ্যাড স্পাইকার্স বলেন, ''কৃষি প্রবৃদ্ধির জন্য দক্ষিণের বিপুল সম্ভাবনা রয়েছে যা জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। উন্নত জাতের বীজ থেকে অধিক শস্য পাওয়া যাবে। আমরা পরিমাণমতো সারের ব্যবহারসহ শস্য চাষের সঠিক মানদণ্ড নিশ্চিত করছি।"
তিনি জানান, চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে। বোরো মৌসুম আসন্ন। এ অবস্থায় পুনর্বাসন প্রক্রিয়ার সাফল্যের জন্য নদী তীর সংস্কার জরুরি হয়ে পড়েছে।
সাংসদ শেখ মুজিবুর রহমান বলেন, বর্তমান সরকার উৎপাদন এবং কৃষকদের জীবনমান বাড়াতে কম দামে কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করেছে।
তিনি বিভিন্ন এলাকার জলাবদ্ধতার কথা তুলে ধরেন।
এছাড়া বর্তমান জলবায়ু পরিবর্তন এবং দক্ষিণের লবণাক্ত ভূমির কথা বিবেচনা রেখে এ বিষয়ে কৃষি গবেষণার বিষয়েও গুরুত্বারোপ করেন সাংসদ রহমান।
অ্যাড স্পাইকার্স বলেন, স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে এবং শস্য উৎপাদনে ক্ষতিগ্রস্তদের সাহায্যের প্রয়োজন।
পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত তীর সংস্কারের ব্যাপারে স্থানীয়দের উদ্বেগের সঙ্গে একমত পোষণ করেন। এসময় তিনি দক্ষিণের কৃষি উন্নয়নে কৃষকদের আগামীতেও সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/০১৫৪ঘ.
bdnews24