২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বোচ্চ আদালতেই সবচেয়ে বেশি মানবাধিকার লংঘন হয়েছে: ব্যারিস্টার রফিক

সর্বোচ্চ আদালতেই সবচেয়ে বেশি মানবাধিকার লংঘন হয়েছে বলে অভিযোগ করেছেন একজন জ্যেষ্ঠ আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2009, 04:34 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বোচ্চ আদালতেই সবচেয়ে বেশি মানবাধিকার লংঘন হয়েছে বলে অভিযোগ করেছেন একজন জ্যেষ্ঠ আইনজীবী। শনিবার 'বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা' আয়োজিত এক আলোচনা সভায় ব্যারিস্টার রফিক উল হক এ অভিযোগ তোলেন। আলোচনার শিরোনাম ছিল "মানবাধিকার রক্ষায় নাগরিকদের কাছে রাষ্ট্রের জবাবদিহিতা আবশ্যক"। সভার অন্যতম আলোচক ব্যারিস্টার রফিক বলেন,"বাংলাদেশে সবচেয়ে বেশি মানবাধিকার লংঘনের ঘটনা ঘটিয়েছে উচ্চ আদালতের অ্যাপিলেট বিভাগ। দেশের সর্বোচ্চ এই বিচারের স্থানটি নানাভাবে সরকারের মদদে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। সবচেয়ে বেশি বার ঘটেছে এক/এগারো-পরবর্তী সরকারের সময়।" তিনি বলেন, "বিচারকরা এরকম সভায় এলে অনেক লম্বা লম্বা কথা বলেন। কিন্তু ১ নাম্বারে (আপিলেট ডিভিশনের একটি আদালত) বসলে মানবাধিকার আজিমপুরে (কবরস্থান) চলে যায়।" রফিক বলেন, "গত তত্ত্বাবধায়ক সরকারের সময় আপিল বিভাগ মিলে মানবাধিকার ধ্বংস করে দিয়েছে যা উদ্ধার করতে ২০ বছর সময় লাগবে।" সভায় "নাগরিকের বাসস্থানের অধিকার এবং রাষ্ট্রের দায়বদ্ধতা" শীর্ষক মূল প্রবন্ধে সাবেক উপদেষ্টা আইনজীবী সুলতানা কামাল বলেন, "রাষ্ট্রের সংবিধানে প্রতিটি নাগরিকের বাসস্থানের অধিকার নিশ্চিত করা হয়েছে। তা সত্ত্বেও বস্তিবাসীসহ নিুবিত্তদের বিভিন্নভাবে তাদের বাসস্থান থেকে উচ্ছেদ করা হয়। এমনকি টানবাজার ও নিমতলী পতিতাপল্লীতে অবৈধভাবে উচ্ছেদ করা হয়েছে যা উচ্চ আদালত বেআইনী বলে অভিহিত করেছে।" তিনি বলেন, "আন্তর্জাতিক সনদ ও সংবিধান অনুযায়ী জাতীয় গৃহায়ন নীতিমালা বাস্তবায়ন করে, খাসজমি বরাদ্দ দিয়ে বস্তিবাসীসহ সকল নিুবিত্তের আবাসনের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।" সভাপতির বক্তব্যে 'বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা'র চেয়ারম্যান সাবেক সচিব আসফউদ্দৌলা বলেন, "গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিটা ব্যক্তির জবাবদিহিতা থাকা প্রয়োজন। পুলিশ,গোয়েন্দা সংস্থারা এর ব্যতিক্রম নয়। কিন্তু বিভিন্নভাবে পুলিশ, গোয়েন্দা সংস্থার হাতে চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। অথচ তাদের কোন জবাবদিহি করতে হয়না।" তিনি বলেন, "এখন রাষ্ট্রের নতুন ছোটগল্প লেখকের দরকার হয়ে পড়েছে। ক্রসফায়ারের পুরনো গল্প আর চলছে না।" আসফউদ্দৌলার সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক সচিব হেদায়েতুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট আহমেদ আলী, প্রেসক্লাব সভাপতি শওকত মাহমুদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২২৩০ঘ.