ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ইজতেমার নিরাপত্তা প্রস্তুতি চূড়ান্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক দু'টি কমিটি গঠন করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানিয়েছেন।
আগামী ২২ থেকে ২৪ জানুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
গত বছর ইজতেমায় ৮০টি দেশের ১৮ হাজার মুসল্লি যোগ দিয়েছিলেন। এবার ১০০টি দেশের ২৫ হাজার মুসল্লি এতে যোগ দিতে পারেন বলে বিশ্ব ইজতেমা কর্তৃপক্ষ জানিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইজতেমা নিয়ে এক সভা শেষে সাহারা খাতুন শনিবার সাংবাদিকদের জানান, বিশ্ব ইজতেমায় আগতদের নিরাপত্তা ও আবাসনের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইতোমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, ইজতেমার নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শকের (প্রশিক্ষণ) নেতৃত্বে একটি এবং মাঠ ব্যবস্থাপনা ও আবাসনসহ সার্বিক প্রস্তুতির জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র সচিব পুরো বিষয়টি তদারকি করবেন।
সাহারা বলেন, "আখেরি মোনাজাতসহ পুরো ইজতেমার নিরাপত্তায় এ বছর প্রায় ১০ হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।"
সভায় ইজতেমায় কমিউনিটি পুলিশ মোতায়েন, সিসিটিভি স্থাপন, হেলিকপ্টার টহল ও ভিভিআইপি নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়।
পাকিস্তানি মুসল্লিদের আসার ক্ষেত্রে কড়াকড়ির বিষয়ে জানতে চাইলে সচিব আব্দুস সোবহান সিকদার বলেন, "কোনো মুসল্লিকে আসতে বাধা দেওয়া হবে না। তবে সরকার আগত মুসল্লিদের সম্পর্কে সতর্ক থাকবে।"
সভায় উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, "নিরাপত্তার কারণে এবারের বিশ্ব ইজতেমায় ভিভিআইপিদের যাতায়াতে হেলিকপ্টার ব্যবহার করার কথা ভাবছে সরকার। বিষয়টি খতিয়ে দেখতে নিরাপত্তা বিষয়ক কমিটির প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে।"
কোনো জঙ্গি তৎপরতার আশঙ্কা বা হুমকি না থাকলেও বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণার কারণে সরকারের পক্ষ থেকে আগাম সতর্কতা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এমআই/১৭৪৪ ঘ.
bdnews24