২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন সচিব ও আইজিপিকে উকিল নোটিশ

২০০১ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতা তদন্তে কমিশন গঠনে হাইকোটের নির্দেশ অমান্যের অভিযোগে বৃহস্পতিবার তিন সচিব ও পুলিশের মহাপরিদর্শককে উকিল নোটিশ দিয়েছে একটি মানবাধিকার সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2009, 08:04 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতা তদন্তে কমিশন গঠনে হাইকোটের নির্দেশ অমান্যের অভিযোগে বৃহস্পতিবার তিন সচিব ও পুলিশের মহাপরিদর্শককে উকিল নোটিশ দিয়েছে একটি মানবাধিকার সংগঠন। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ স্বরাষ্ট্র সচিব, মন্ত্রীপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে ডাকযোগে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। নোটিশে বলা হয়েছে, গত ৬ মে হাইকোর্টের এক রায়ে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধীদলীয় নেতা-কর্মী ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ ও হত্যার ঘটনা সম্পর্কে দুই মাসের মধ্যে একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু হাইকোর্টের রায়ের কপি সরকারের কাছে পাঠানো হলেও এখন পর্যন্ত তদন্ত কমিশন গঠন হয়নি। এটা আদালত অবমাননার সামিল। আগামী সাত দিনের মধ্যে আদলতের রায় অনুযায়ী তদন্ত কমিশন গঠনের জন্যও নোটিশে অনুরোধ করা হয়েছে। মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতের নির্দেশ বাস্তবায়ন করা না হলে সরকারের তিন সচিব ও পুলিশ মহাপরিদর্শকের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হবে।" হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই রায় দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএনএস/এসকে/০১৫৬ ঘ.