ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মিয়ানমারে বিমসটেক পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে আলোচনায় সদস্য দেশগুলোর মধ্যে আঞ্চলিক যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়টি প্রাধান্য পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা একথা জানিয়েছেন।
শুক্রবার এ বৈঠক শুরু হচ্ছে। এতে যোগ দিতে পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার ইয়াঙ্গুনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলংকা এবং থাইল্যান্ড নিয়ে ১৯৯৭ সালের ৬ জুন বিমসটেক গঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকে অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুর মধ্যে সদস্য দেশগুলোর মধ্যে যোগাযোগের বিষয় নিয়ে আলোচনা হবে।
"সদস্য দেশগুলোর পরিবহন মন্ত্রীদের পরবর্তী বৈঠকগুলোতে বিমসটেক এ অঞ্চলে যোগাযোগ প্রতিষ্ঠার রুট প্ল্যান প্রণয়ন করবে।"
বিমসটেকের এই কানেকটিভিটি প্ল্যান দক্ষিণ এশিয়ার ৬টি দেশের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো যেমন থাইল্যান্ড ও মিয়ানমারের সঙ্গে সংযোগ স্থাপন করবে।
আটটি সদস্য দেশের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠায় সার্কেরও একটি পরিকল্পনা রয়েছে। এর সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা।
আঞ্চলিক যোগাযোগ, সন্ত্রাস দমন ও আন্তঃদেশীয় অপরাধ বিষয়ক বিমসটেক প্রকল্পগুলোতে ভারত নেতৃত্বদানকারী দেশ। অন্যদিকে বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক প্রকল্পগুলোতে নেতৃত্ব দেবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মহাপরিচালক আরো জানান, বৈঠকে নিরাপত্তা, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও কৃষির মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও আলোচনা হবে।
তিনি বলেন, বৈঠকের অন্য অগ্রাধিকারমূলক বিষয় হচ্ছে বিমসটেকের সদরদপ্তর স্থাপন।
পররাষ্ট্র মন্ত্রীদের এই বৈঠকে গৃহীত প্রস্তাব পরবর্তীতে বিমসটেক শীর্ষ সম্মেলনে উপস্থাপন করা হবে।
পর্যবেক্ষকরা বলছেন, যাত্রা শুরুর পর থেকে বিমসটেক এ পর্যন্ত খুব সামান্যই অগ্রগতি অর্জন করেছে। আঞ্চলিক এ গ্র"প এ পর্যন্ত একটি স্থায়ী সচিবালয় স্থাপন করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২১৫৪ ঘ.
bdnews24