২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরসহ বিভিন্ন স্থানে লঞ্চ আটকা

ঘন কুয়াশার কারণে স্টিমারসহ ঢাকা-দক্ষিণাঞ্চল রুটের প্রায় ৫০টি লঞ্চ যাত্রীসহ বিভিন্ন স্থানে নদীর চরে আটকা পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2009, 12:19 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

চাঁদপুর, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘন কুয়াশার কারণে স্টিমারসহ ঢাকা-দক্ষিণাঞ্চল রুটের প্রায় ৫০টি লঞ্চ যাত্রীসহ বিভিন্ন স্থানে নদীর চরে আটকা পড়ে। এ কারণে চাঁদপুর হয়ে চলাচলকরা বেশ কিছু লঞ্চ ও স্টিমার বৃহস্পতিবার ঘাটে পৌঁছাতে বিলম্ব হয়। এছাড়া সকালে চাঁদপুর থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে চলাচলকারী লঞ্চও নির্দিষ্ট সময়ে ছেড়ে যেতে পারেনি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা রেদওয়ান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে চাঁদপুরমুখী এমভি তুতুল নামের যাত্রীবাহী লঞ্চটি বুধবার রাত দেড়টায় নারায়ণগঞ্জের পাগলা এলাকা পার হওয়ার পর কুয়াশায় আটকা পড়ে। একই পথে আটকা পড়া সোনার তরী নামের অপর একটি লঞ্চ দু'শতাধিক যাত্রী নিয়ে বৃহস্পতিবার সকালে পাগলা এলাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। এটি দুপুরের দিকে চাঁদপুর ঘাটে এসে ভিড়ে বলে তিনি জানান। বিআইডব্লিউটিএ কর্মকর্তা জানান, চাঁদপুরে মেঘনাসহ বিভিন্ন নদীর চরে আটকা পড়া লঞ্চের মধ্যে আরো ছিল এমভি রফ রফ, শম্পা, বোরাক, পাতারহাট, তরিকাহ, তাকওয়া, লামিয়া ও এমভি শাহিদুর। চাঁদপুরের ঈগল ও বোগদাদিয়া লঞ্চের তত্ত্বাবধায়ক মো. আলী আজগর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণাঞ্চলের লঞ্চ নির্দিষ্ট সময়ের অনেক পরে চাঁদপুর এসে পৌঁছায়। এ কারণে এখান থেকে চট্টগ্রামের ট্রেন ধরতে ব্যর্থ হন অনেকে। চাঁদপুর স্টিমার ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন বলেন, খুলনা থেকে ছেড়ে আসা স্টিমার 'অস্ট্রিচ' বুধবার রাত ২টায় চাঁদপুর স্টিমারঘাটে পৌঁছার কথা ছিল। অথচ স্টিমারটি পৌঁছায় বৃহস্পতিবার সকাল ৯টায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪০ ঘ.