চট্টগ্রাম, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কালুরঘাট সেতুর ওভারহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি বাসের ছাদে থাকা পাঁচজন নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকের এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ১৪ জন।
বাসটি নেত্রকোণা থেকে বোয়ালখালী যাচ্ছিলো।
নিহতরা হলেন- ছানু মিয়া (৩৫), আবদুর রশিদ (৫৬), বাচ্চু (৩৫), ইনসান মিয়া (৫৫) ও আনজুকা (৭০)।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। এরা হলেন- জিতু মিয়া (৪৫), লিটন (৪২), সিদ্দিক (৪৮), সাজু মিয়া (৪০), নজরুল (৪৬) ও নুরুল ইসলাম (৪৫)।
আহত ও নিহতরা সবাই নেত্রকোণা জেলার কেটুয়া গ্রামের বাসিন্দা। তারা চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া গ্রামের হাওলাপুরী দরবার শরিফ জিয়ারতের জন্য যাচ্ছিলেন বলে বোয়ালখালী থানার ওসি আব্দুল মালেক মিয়া জানান।
দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীদের উদ্ধৃতি দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাওলাপুরী দরবার শরিফগামী বাসটির ছাদেও যাত্রী ছিলো। বাসটি কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতু অতিক্রম করার সময় সেতুর মাঝ বরাবর থাকা লোহার ওভারহেডের সঙ্গে ধাক্কা লেগে ছাদে থাকা যাত্রীরা ছিটকে পড়ে।"
ওসি বলেন, তিনজন ঘটনাস্থলেই মারা যায়। অপর জনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে।
আহত ইনসান মিয়া বিকালে হাসপাতালে মারা যান বলে চমেক পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত সদস্য (হাবিলদার) শফিকুল ইসলাম জানান।
দুর্ঘটনার কারণে কিছু সময় চলাচল বন্ধ থাকায় সেতুর উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের পর গাড়ি চলাচল স্বাভাবিক হতে থাকে।
কালুরঘাট সেতু দিয়ে রেল ও বাস দুটোই চলাচল করে। রেল চলাচলের সময় অন্য গাড়ি চলাচল বন্ধ থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমআই/১৭২২ ঘ.
bdnews24