ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে দেশে বিমান ও নৌ চলাচল ব্যাহত হয়েছে।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিলো। এছাড়া মাওয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দুটি স্থানেই দেখা দেয় যানজট।
বিমানবন্দরে কর্তব্যরত এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুয়াশার কারণে বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত কোনো ফ্লাইট ওঠানামা করেনি।
এ সময় আবুধাবী থেকে আসা ইত্তেহাদ এয়ারলাইন্সের একটি এবং জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।
এদিকে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বৃহস্পতিবার সকাল ১১টায় পুনরায় শুরু হয়েছে। আর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পারাপার বন্ধ ছিলো নয় ঘণ্টা।
কাওড়াকান্দি ঘাটে দায়িত্বরত বিআইডব্লিউটিসি কর্মকর্তা শাহনেওয়াজ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘন কুয়াশার কারণে ছোট-বড় ১০টি ফেরি পদ্মা নদীতে আটকে পড়ে। এরপর রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
কুয়াশা কাটার পর আটকে পড়া ফেরিগুলো পুনরায় ঘাটে ফিরেছে। ১১টা থেকে পারাপারও শুরু হয়। তবে পারাপার বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন দূরগামী বাসযাত্রীরা।
ঢাকা থেকে মাদারীপুরের পথে ছেড়ে আসা সোনালী পরিবহনের যাত্রী মোহাম্মদ ইমদাদুল হক মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুয়াশার কারণে যে কী কষ্ট করে বাড়ি ফিরেছি সেটা বলে বোঝানো যাবে না। হাজার হাজার যাত্রীকে এ দুর্ভোগ পোহাতে হয়েছে।"
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের কর্মকর্তারা জানান, কুয়াশার কারণে রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পারাপার বন্ধ ছিলো।
ফলে উভয় প্রান্তে পারের অপেক্ষায় গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।
পাটুরিয়া-দৌলতদিয়া এবং মাওয়া-কাওড়াকান্দি রুট দুটি দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর স্থল যোগাযোগের পথ। শীত শুরুর পর এ সপ্তাহে প্রায় প্রতিদিনই দুটি রুটেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪৫৫ ঘ.
bdnews24