ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার ৫৮ জন ব্যক্তি যে হজ এজেন্সিটির অবহেলার কারণে হজে যেতে পারেননি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুর রব হাওলাদার বুধবার এ কথা জানিয়েছেন।
সচিবালয়ে হজ উত্তর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "সরকার ইতিমধ্যে এজেন্সিটিকে চিহ্নিত করেছে। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি জানান, এ পর্যন্ত প্রায় ১৬ হাজার হাজি দেশে ফিরেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই সবাই ফিরবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ থেকে এ বছর মোট ৫৮ হাজার ৪৮৯ জন হজে গেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় আট হাজার ২০৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ২৮০ জন। হজ করতে গিয়ে মারা গেছেন ২০ জন।
কোনো হজ গাইড বা সহায়তাকারীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ধর্মসচিব জানান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব শফিক আলম মেহেদী ও প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) একেএম শামীম চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।
হাজি পরিবহনের এয়ারক্র্যাফট সংগ্রহে অনিয়মের অভিযোগের বিষয়ে শফিক আলম মেহেদী বলেন, "এটি বিমান বোর্ডের ব্যাপার। তাই এ বিষয়টি সেখানেই তোলা হবে। কোনো অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
এবার হাজি পরিবহনে অনিয়ম না হওয়ায় সন্তোষ প্রকাশ করে পর্যটন সচিব শফিক বলেন, "ভবিষ্যতে একই ব্যবস্থাপনায় হাজিদের যাতায়াতের ব্যবস্থা করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এমআই/১৮০০ ঘ.
bdnews24