২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার সময় সেটেলম্যান্ট কর্মকর্তা আটক

ঘুষ নেওয়ার সময় সিলেটের এক সেটেলম্যান্ট কর্মকর্তাসহ দু'জনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

সিলেট, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার সময় সিলেটের এক সেটেলম্যান্ট কর্মকর্তাসহ দু'জনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সিলেটের কোম্পানীগঞ্জ থেকে মঙ্গলবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়। ভূমি জরিপের কাজে তারা কোম্পানীগঞ্জ ছিলেন। এরা হলেন- সিলেট সেটেলম্যান্ট কার্যালয়ের উপ-সহকারী সেটেলম্যান্ট কর্মকর্তা মো. মাঈনুদ্দিন ও একই কার্যালয়ের করণিক প্রবোধ রঞ্জন। দুর্নীতি প্রতিরোধ কমিটি কোম্পানীগঞ্জ সভাপতি রফিকুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোম্পানীগঞ্জে জরিপের কাজে ব্যবহৃত অস্থায়ী কার্যালয় থেকে বিকাল সাড়ে ৫টার দিকে দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মেজর মো. তুহিন মাসুদ ঘুষ গ্রহণের সময় এ দুজনকে হাতেনাতে আটক করেন। আটক দু'জনকে দুদক হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান। কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক রজব আলী বলেন, তারা বিষয়টি শুনেছেন। তবে এখনো তাদের থানায় হস্তান্তর ও মামলা করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৮ ঘ.