ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে নদীগর্ভে জমা হওয়া পলিথিন অপসারণের কাজ আগামী ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে।
তবে এ কাজের জন্য পর্যন্ত সরঞ্জাম না থাকায় প্রাথমিকভাবে শ্রমিক দিয়ে পলিথিন অপসারণ করা হবে। পরে এক্সক্যাভেটর কিনে এ কাজ চালিয়ে যাওয়া হবে।
দেশের গুরুত্বপূর্ণ নদ-নদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপের ব্যাপারে পরামর্শ প্রদান, সুপারিশ প্রণয়ন ও বাস্তবায়নে গঠিত টাস্কফোর্সের এক সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে শাজাহান খানের সভাপতিত্বে ওই সভায় আইন মন্ত্রী শফিক আহমেদ, ভূমি মন্ত্রী রেজাউল করিম হিরা, পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ ও নৌ-পরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভা শেষে নৌ-পরিবহন মন্ত্রী সাংবাদিকদের জানান, দূষণের কারণে ঢাকাসহ এর পার্শ্ববর্তী এলাকার চারটি নদীর পানি বর্তমানে খুবই নাজুক অবস্থায় রয়েছে। এসব নদীর পানি দূষণমুক্ত এবং নাব্যতা বাড়িয়ে নদীপথগুলোকে সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীর উত্তর অংশে জমে থাকা পলিথিন তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, এ কাজ করার মতো পর্যাপ্ত সরঞ্জামাদি বর্তমানে সরকারের নেই। এমনকি বর্তমানে যেসব ড্রেজার রয়েছে, তা দিয়েও এ কাজ করা সম্ভব নয়। তাই সরকার নতুন করে ছোট খননযন্ত্র (এক্সক্যাভেটর) কেনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটির দাম পড়বে এক থেকে সোয়া কোটি টাকা। আট থেকে ১০টি এক্সক্যাভেটর কেনার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে।
শাজাহান খান জানান, এক্সক্যাভেটর কিনতে অনেক সময় লাগবে। কিন্তু সরকার দ্রুত কাজটি শুরু করতে চায়। এজন্য প্রথমে শ্রমিক দিয়েই সাধারণ পদ্ধতিতে পলিথিন তোলার কাজ শুরু করা হবে। এতে একদিকে যেমন কাজটি শুরু করা সম্ভব হবে, অন্যদিকে কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তবে এ প্রক্রিয়ায় সময় ও অর্থ কিছুটা বেশি লাগবে।
এসব নদী তীরের অবৈধ স্থাপনা চিহ্নিত ও উচ্ছেদের পদক্ষেপ প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার নদীগুলোর সীমানা নির্ধারণ এবং অবৈধ স্থাপনাগুলো চিহ্নিত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছিল।এজন্য গত ৩০ নভেম্বর পর্যন্ত সময়ও বেঁধে দেয়া হয়। ওই সময়ের মধ্যে তারা কাজও শেষ করেছেন। তবে মন্ত্রণালয়ে প্রতিবেদন আসতে আরো কয়েকদিন সময় লাগতে পারে।
শাজাহান খান বলেন, এগুলো চিহ্নিত হলেই সরকার অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সীমানা পিলার স্থাপনের কাজ শুরু হবে। তবে ইতোমধ্যেই সরকার ঢাকায় ১২০টি, নারায়ণগঞ্জে ১৯৬টি এবং গাজীপুরে ১৩৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। নদী তীরবর্তী ৫৫০টি স্থানের দৈনিক ইজারা বাতিল করা হয়েছে। শিগগিরই এসব স্থানে উচ্ছেদ অভিযান চালানো হবে।
নদী থেকে বালু উত্তোলন এবং বালুমহাল ইজারা প্রসঙ্গে মন্ত্রী জানান, বর্তমানে বালুমহাল ইজারার কোনো বিধান নেই। এ সংক্রান্ত একটি কিধিমালা প্রণয়নের প্রস্তুতি চলছে। তবে সরকার বর্তমানে নদী থেকে বালু তোলার অনুমতি দেওয়া স্থগিত রেখেছে। নতুন বিধিমালা না হওয়ার পর্যন্ত নতুন করে আর কোনো অনুমতি দেওয়া হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮৩৪ ঘ.
bdnews24