২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার ভাষণের পুরো বিবরণ

খালেদার ভাষণের পুরো বিবরণ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 10:36 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত দেশী ও বিদেশী আমন্ত্রিত অতিথিগণ, সহকর্মী নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিকগণ, এবং সারাদেশ থেকে আগত কাউন্সিলর ও ডেলিগেট ভাই ও বোনেরা, আসসালামুলাইকুম। আজ আপনারা এখানে, এই সম্মেলন কেন্দ্রে সমবেত হয়েছেন বিএনপি-র জাতীয় কাউন্সিলে। আপনারা এসেছেন উত্তরে পঞ্চগড় থেকে, দক্ষিণে কক্সবাজার থেকে, পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ থেকে, পূর্বে সিলেট থেকে। আপনারা এসেছেন উত্তরে ইউকে থেকে, দক্ষিণে অস্ট্রেলিয়া থেকে, পশ্চিমে আমেরিকা থেকে, পূর্বে মালয়শিয়া থেকে। আজ এখানে ঘটেছে সর্বস্তরের, সর্বশ্রেণীর মানুষের এক মহা-সম্মিলন। বাংলাদেশের রাজধানী ঢাকায় আপনারা সবাই ঘটিয়েছেন এক অভূতপূর্ব বিশাল জনসমাবেশ। মহান বিজয়ের মাসে অনুষ্ঠিত জনগণের বিপুল সমর্থনধন্য দেশের বৃহত্তম রাজনৈতিক দল - বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৫ম জাতীয় কাউন্সিলের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতঃ জানাচ্ছি। মাত্র কিছুদিন আগেই আমরা আমাদের দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছি। দেশ ও দেশের মানুষের সেবায় এই ৩১ বছর ধরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আপনাদের যে সহযোগিতা ও সমর্থন আমরা পেয়েছি - সে জন্য আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই মহতী সম্মেলনের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের এবং মাতৃভূমির স্বাধীনতা অর্জনের জন্য অকাতরে জীবন উৎসর্গকারী দেশমাতৃকার বীর সন্তানদের। শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় নেতা মরহুম শেরে বাংলা এ.কে.ফজলুল হক, আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেখ মুজিবর রহমানকে। কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। শ্রদ্ধা জানাই দেশের সকল বীর মুক্তিযোদ্ধা এবং যারা বিভিন্নভাবে মহান মুক্তিযুদ্ধে সহায়তা করেছেন, নানা নির্যাতন ও জুলুমের শিকার হয়েছেন - তাঁদের সকলের প্রতি। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, গণতন্ত্র সুরক্ষার লড়াইয়ে যারা ত্যাগ শিকার করেছেন এবং জনগণের পক্ষে কাজ করতে গিয়ে আমাদের যেসব সাথী জীবন দিয়েছেন - আজ তাঁদের স্মৃতির প্রতিও জানাচ্ছি গভীর শ্রদ্ধা। সংগ্রামী ভাই ও বোনেরা, মাত্র পঁয়ত্রিশ মাস আগেও আজকের এই মহা-সম্মিলন ছিল কল্পনারও অতীত। আপনারা সবাই জানেন, প্রায় পঁয়ত্রিশ মাস আগে ২০০৭ সালের ১১ জানুয়ারি বাংলাদেশে কী ঘটেছিল! আপনারা জানেন, সেই দিনটির নাম চক্রান্তকারীরা দিয়েছে ইংরেজি ভাষায় 'ওয়ান ইলেভেন'। এই নামটি তারা নকল করেছিল ২০০১ সালের ১১ সেপ্টেম্বর-এ আমেরিকায় টুইন টাওয়ার ও পেন্টাগনে গেরিলা হামলার অনুকরণে