২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিবিদ বরুণ রায়ের মৃত্যু

সুনামগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক সাংসদ প্রসূন কান্তি রায় (বরুণ রায়) মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 07:44 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

সুনামগঞ্জ, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক সাংসদ প্রসূন কান্তি রায় (বরুণ রায়) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ শহরের হাসননগর বাসবভনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। কমিউনিস্ট পার্টির প্রবীণ এই নেতা ১৯২২ সালের ১০ নভেম্বর সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের বেহেলী গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্র ফেডারেশনের কর্মী হিসাবে তিনি কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন। ১৯৪২ সালে মাত্র ২০ বছর বয়সে পার্টির সদস্য হন। ওই বছরই স্বাধীনতা দিবসে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। এরপর আবার ১৯৪৯ সালে গ্রেপ্তার হয়ে তিনি ১৯৫৩ সাল পর্যন্ত জেলে ছিলেন। মুক্তির পরও তাকে নজরবন্দি করে রাখা হয়। ১৯৫৪ সালে সুনামগঞ্জ ৩ আসন থেকে সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বচিত হন। এর কিছুদিন পরে তাকে আবার গ্রেপ্তার করা হয়। ১৯৫৮ সালে আইয়ুব খান সামরিক ফরমান জারি করে তাকে আবার গ্রেপ্তার করে। একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অংশ নেন এবং সংগঠক হিসেবে কাজ করেন। ১৯৮৬ সালে তিনি সুনামগঞ্জ-১ আসন থেকে কমিউনিস্ট পার্টির প্রাথী হিসাবে জয় লাভ করেন। ১৯৮৭ সালে এরশাদ সরকারের আমলে তাকে আবার গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। এভাবে তার জীবনের ১৪ বছর জেলে কাটে। ৯০'র পর থেকে বরুণ রায় রাজনীতিতে সক্রিয় ছিলেন না। বরুণ রায়ের মরদেহ বিকেল ৩টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সর্বস্তরের লোকজনের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। সন্ধ্যায় শহরের ষোলঘর শশ্মানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বরুণ রায়ের মৃত্যুতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সিলেট সিটি মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন, সুনামগঞ্জ-২ আসনের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত, সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ মতিউর রহমান ও সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক শোক প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জিএনএ/১৩৪০ঘ.