বাগেরহাট, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের ফকিরহাটে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) নেতা শেখ মুরাদ (৩২) নিহত হয়েছে।
ফরহাদ বাগেরহাট জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা এস.এম ফরহাদ হোসেন হত্যা মামলার ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামী।
ফকিরহাট থানার ওসি সালাহউদ্দিন মিঞা বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর মুরাদ এলাকায় ফিরে চরমপন্থী দলকে সংগঠিত করতে মঙ্গলবার ভোরে সাড়ে ৪টার দিকে ব্রাক্ষ্মণরাকদিয়া গ্রামের সুভাস মল্লিকের বাড়ির পাশের মেহগনি বাগানে বৈঠকে বসে। খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের উপর গুলিবর্ষণ শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালায়।
অন্তত ৪৫ মিনিট বন্দুক যুদ্ধের পরে সন্ত্রাসীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে মুরাদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ফকিরহাট থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে বলছে পুলিশ।
এ সময় ঘটনাস্থল থেকে দুটি শার্টার গান, ৫টি থ্রি নট থ্রি রাইফেলের গুলি, ১৬টি বন্দুকের তাজা গুলি ও সাতটি গুলির খোসাও উদ্ধার করা হয় বলে পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন জানান।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত মুরাদ ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের শেখ লেহাজ উদ্দিনের ছেলে।
তার বিরুদ্ধে ফকিরহাট থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ মোট আটটি মামলা রয়েছে।
২০০১ সালের অক্টোবর মাসে ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের কাঠালতলায় নিহত আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি ফরহাদ হোসেন হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামী তিনি। ২০০৬ সালে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুরুন্নাহার ওসমানী এই মৃত্যুদণ্ডাদেশ দেয়।
মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, আইন প্রয়োগকারী সংস্থাগুলো বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তবে সরকার সে অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/১২১৪ ঘ.
bdnews24