ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জিয়াউর রহমান সড়কে (প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে) সোমবার রাতে বাস ও জিপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।
নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩২। আহত বাসযাত্রী আব্দুস সালাম (৪৫), কামাল পারভেজ (৪০), আলাউদ্দীন সোহেল (২০) ও শ্যামলকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক মীর হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এয়ারপোর্ট-আজিমপুর রুটের একটি বাসের সঙ্গে (ঢাকা মেট্রো জ ১১-২৩৮৬) সাহায্য সংস্থার একটি জিপের (সাস-৬৫৩৭১) সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও চার বাসযাত্রী আহত হন। বাসটি এয়ারপোর্ট থেকে আজিমপুরের দিকে যাচ্ছিল।
আহত যাত্রীরা জানান, জিপটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ইউটার্ন নেওয়ার চেষ্টা করছিল। ওইসময় যাত্রী ভর্তি বাসটি সজোরে জিপটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এলএইচ/জিএমএ/এইচএ/২৩১১ ঘ.
bdnews24