নাটোর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জুয়া আয়োজনের অভিযোগে নাটোরের জেলা প্রশাসক (ডিসি) মো. মজিবর রহমানসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নাটোরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মোহাম্মদ শরীফ উদ্দিনের আদালতে সোমবার মামলাটি করেন নাটোর জেলা আইনজীবী সমিতির সদস্য আজিজার রহমান খান চৌধুরী।
শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে এ ব্যাপারে কার্যকর আইনগত ব্যবস্থা নিতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছে।
মামলার অপর আসামি হলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন।
বাদি অভিযোগ করেন, নাটোর জেলা ক্রীড়া সংস্থা গত ১ ডিসেম্বর থেকে শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে জুয়ার (হাউজি) আয়োজন করেছে। এতে এলাকায় চুরি ছিনতাই বেড়ে গেছে। দিন মজুর রিকশাচালকসহ শ্রমজীবী মানুষরা জুয়া খেলে নিঃস্ব হয়ে পড়ছে।
এই কর্মকাণ্ডের মাধ্যমে ক্রীড়া সংস্থার সভাপতি ডিসি মো. মজিবর রহমান ও সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন দণ্ডবিধির ২৯৪(ক) ধারা ও সংবিধানের ১৮ (২) অনুচ্ছেদ লংঘন করেছেন।
বাদি আদালতের কাছে আসামিদের গ্রেপ্তার করে জুয়ার সামগ্রী জব্দ করার আবেদন জানান।
আজিজার রহমান খান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনের উর্ধ্বে কেউ নয়। সংবিধান ও আইন লংঘন করায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালতের আশ্রয় নেওয়া হয়েছে।
ডিসি মজিবর রহমান মামলা করার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন।
তিনি সাংবাদিকদের বলেন, "মামলার বিষয়ে বিস্তারিত না জেনে কোন মন্তব্য করতে পারছি না।"
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আদালত থেকে মামলাটি এখনো তার কাছে পৌঁছেনি। এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৪ ঘ.
bdnews24