২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনিয়র যুগ্ম মহাসচিব পদ আনুষ্ঠানিক হচ্ছে

বিএনপির গঠনতন্ত্রে সিনিয়র যুগ্ম মহাসচিব, উপ-কোষাধ্যক্ষ এবং উপজাতি বিষয়ক সম্পাদক-এর মতো নতুন পদ সংযোজন হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 02:43 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির গঠনতন্ত্রে সিনিয়র যুগ্ম মহাসচিব, উপ-কোষাধ্যক্ষ এবং উপজাতি বিষয়ক সম্পাদক-এর মতো নতুন পদ সংযোজন হতে যাচ্ছে। জাতীয় কাউন্সিলে দলের বিভিন্ন স্তরের কমিটির আকার বৃদ্ধিসহ বেশ কিছু প্রস্তাব সংশোধনীর জন্য উপস্থাপন করার মধ্য দিয়ে তা সংযোজিত হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবারের কাউন্সিল নিয়ে সোমবার নয়া পল্টনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ২০০১ সালের সংসদ নির্বাচনের আগে তারেক রহমানকে প্রথমে বিএনপির ১নং যুগ্ম মহাসচিব ও পরে সিনিয়র যুগ্ম মহাসচিব নিয়োগ দেন চেয়ারপারসন খালেদা জিয়া। তবে গত ১৬ বছর দলের কাউন্সিল না হওয়ায় এই পদটি গঠনতন্ত্রে অনুমোদন হয়নি। গয়েশ্বর বলেন, "বিএনপির গঠনতন্ত্রে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। বিভিন্ন পদে সরাসরি নির্বাচনের ব্যবস্থা ওই সংশোধনী প্রস্তাবের মধ্যে আছে।" প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৮ সালে বিএনপির প্রথম কাউন্সিলে দলের গঠনতন্ত্র অনুমোদন হয়। এরপর ১৯৯৩ সালের কাউন্সিলে দলের গঠনতন্ত্রে কিছু সংশোধনী আনা হয়। এর মধ্যে ছিল যুগ্ম মহাসচিবের পদ সংখ্যা ৬-এ উন্নীতকরণসহ কয়েকটি সম্পাদকীয় পদ সৃষ্টি। ৮ ডিসেম্বর বিএনপির জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত গঠনতন্ত্র সংশোধনী উপকমিটির আহবায়ক সহ-সভাপতি তরিকুল ইসলাম। সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "গঠনতন্ত্র সংশোধনীর জন্য সারাদেশ থেকে ৪০টি সংশোধনী প্রস্তাব এসেছে। প্রস্তাবগুলো আমরা বিচার-বিশ্লেষণ করে প্রতিবেদন আকারে চেয়ারপারসনের কাছে জমা দিয়েছি। এর মধ্যে 'এক নেতা এক কমিটি'- এ প্রস্তাবটি এসেছে সবচেয়ে বেশি। অর্থাৎ যে কোনো স্তরে একজন নেতা একটির বেশি কমিটিতে থাকতে পারবেন না।" তিনি জানান, দলের স্থায়ী কমিটিতে সংশোধনী প্রস্তাবগুলো পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে জাতীয় কাউন্সিল অধিবেশনে। গয়েশ্বর জানান, গঠনতন্ত্রের সংশোধনীতে ইউনিয়ন থেকে শুরু করে নির্বাহী কমিটি পর্যন্ত বর্তমান সংখ্যা বাড়ানো এবং প্রতিটি কমিটিতে কমপক্ষে ৩০ শতাংশ মহিলা প্রতিনিধি পূরণের প্রস্তাব রয়েছে। যুগ্ম মহাসচিবের পদ সংখ্যা ছয়টি থেকে বাড়িয়ে সাতটি করার প্রস্তাব রয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/২০৪৩ ঘ.