চট্টগ্রাম, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উপকূলীয় এলাকার সবুজবেষ্টনী ধ্বংসকারী প্রভাবশালীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
একইসঙ্গে ওই এলাকায় সবুজবেষ্টনী রক্ষা করে পরিকল্পিতভাবে শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়।
সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে সিপিবি সীতাকুণ্ড উপজেলা কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব দাবি জানানো হয়।
এ সময় তারা উপকূলীয় এলাকার বৃক্ষ নিধনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিপিবি সীতাকুণ্ড উপজেলা কমিটির সভাপতি কমরেড মছিউদ্দৌলা জাহাজ ভাঙ্গা শিল্পের জন্য অবিলম্বে একটি পরিকল্পিত সরকারি নীতিমালা প্রণয়ণের দাবি জানান।
গত ২৯ নভেম্বর রাতের অন্ধকারে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় উপকূলীয় বনবিভাগের দেড় হাজার কেওড়া গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ১৩০০ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় একটি মামলা করেছে বনবিভাগ।
ওই মামলায় দিদারুল আলম নামের একজন শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।
সংবাদ সম্মেলনে সিপিবি জেলা সভাপতি মৃণাল চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ আলম, সীতাকুন্ড উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এইচএ/১৯৪৭ ঘ.
bdnews24