২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ মামলায় জামিন স্থগিত

দণ্ডপ্রাপ্তদের বিচারাধীন আপিলে তিন জনের জামিন এবং দু'টি মামলায় একজনের আগাম জামিন স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 01:06 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দণ্ডপ্রাপ্তদের বিচারাধীন আপিলে তিন জনের জামিন এবং দু'টি মামলায় একজনের আগাম জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আবদুল আজিজের আদালত সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। আদালতের কার্যতালিকায় থাকা এ ধরনের ১২ টি আপিলের মধ্যে ৭টিতে জামিন পাওয়ার পর আসামীর কারামুক্তি হওয়ায় সেগুলো তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে সরকার এসব জামিন আদেশের বিরুদ্ধেও আপিল বিভাগে নিয়মিত লিভ টু আপিল দায়ের করবে বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল অফিস ৬ ডিসেম্বর এরকম ১৮ টি আপিল দায়ের করে। এরমধ্যে ১১ টি আপিল হলো যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের জামিন দেওয়ার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে। বাকি ৭টি আগাম জামিন আদেশের বিরুদ্ধে। তাদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী মুন্সিগঞ্জের শামসু গাইন, নরসিংদীর মো. আতাউর রহমান ও দিনাজপুরের মো. আসমান আলির জামিন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। দু'টি মামলায় ঝালকাঠির হালিম গাজীর আগাম জামিনও একই সময়ের জন্য স্থগিত করা হয়। অন্যদিকে মানিকগঞ্জের মো. শরিফ, জামালপুরের হাসমত আলি ও সুক্কু মন্ডল, রাজবাড়ির রায়হান বিশ্বাস, সিলেটের ইমতিয়াজ রহমান সোহেল, সাতক্ষিরার আব্দুল ওয়াদুদ ও নেত্রকোনার আবুল হাসেম তাদের নিজ জেলা কারাগার থেকে মুক্তি পান। তাদের জামিন স্থগিতের আবেদন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু ও সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক জামিন স্থগিতের আবেদনের ওপর শুনানি করেন। গত ১৮ ও ১৯ নভেম্বর হাইকোর্ট এসব আসামীদের জামিন দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৯০৩ ঘ.