২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় 'বন্দুকযুদ্ধে' চরমপন্থী নিহত

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে সোমবার রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মনোয়ার হোসেন ওরফে মনা (৩৫) নামের এক চরমপন্থী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 09:16 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঝিনাইদহ, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে সোমবার রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মনোয়ার হোসেন ওরফে মনা (৩৫) নামের এক চরমপন্থী নিহত হয়েছে। নিহত মনা পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল)-র আঞ্চলিক নেতা বলে পুলিশ জানায়। আলমডাঙ্গা থানার ওসি মো. ইলিয়াস ইসলাম ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুন্সিগঞ্জ গরুর হাটের পাশে একটি কলা বাগানে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা বোমা ও গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।" ১৫-২০ মিনিট 'বন্দুকযুদ্ধ'র পর চরমপন্থীরা পালিয়ে গেলে সেখানে মনার লাশ পাওয়া যায় বলে ওসি জানান। পুলিশ জানায়, সেখান থেকে একটি শাটার গান, আট রাউন্ড গুলি, দুটি বোমাও উদ্ধার করা হয়েছে। মনার বিরুদ্ধে আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদর থানায় পাঁচটি হত্যা ও তিনটি চাঁদাবাজির মামলা রয়েছে বলে পুলিশ কর্মকর্তা ইলিয়াস জানান। মনার বাড়ি আলমডাঙ্গা উপজেলার যুগিহুদা গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫০০ ঘ.