গাইবান্ধা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে রোববার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করেছে এলাকাবাসী। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারিনটেনডেন্টকে স্মারকলিপি দেয়।
এর আগে তারা শহরের ডিবি রোডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
গত ৬ নভেম্বর চাঁদার দাবিতে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী শহরের কালিবাড়িপাড়ার মাসুদ রানাকে (২৫) কুপিয়ে আহত করলে তার একটি পা কেটে ফেলতে হয়।
ঘটনার দিনই রানার মা বেলি বেগম গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু এখনো আসামিদের কাউকে গ্রেপ্তার করা হয়নি।
কর্মসূচিতে আওয়ামী লীগ, বিএনপির নেতাকর্মী, শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন পেশার বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেয়।
মানববন্ধন ও ঘেরাও কর্মসুচিতে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস, কামাল মিয়া প্রমুখ।
মামলা দায়েরের এক মাস পরও সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল-আমিন স্মারকলিপি গ্রহণের কথা স্বীকার করেছেন।
মাসুদ রানার মা বেলি বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৫ নভেম্বর শহরের ভিএইড রোড কালিবাড়িপাড়ার রুবেল, রায়হান, মাহফুজ ও তাপস তার ছেলে মাসুদ রানার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা পরদিন শহরের বাংলাবাজার এলাকায় চাইনিজ কুড়াল ও রাম দা দিয়ে মাসুদকে কুপিয়ে আহত করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাসুদ রানার ডান পা কেটে ফেলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৫ ঘ.
bdnews24