২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তার পানি বন্টন চুক্তির সম্ভাবনা ক্ষীণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় তিস্তার পানি বন্টন নিয়ে চুক্তি স্বাক্ষর এখন পুরোপুরি নির্ভর করছে দুদেশের প্রধানমন্ত্রীর ওপর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 03:45 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ০৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় তিস্তার পানি বন্টন নিয়ে চুক্তি স্বাক্ষর এখন পুরোপুরি নির্ভর করছে দুদেশের প্রধানমন্ত্রীর ওপর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা একথা জানিয়েছেন। তারা জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক অনুষ্ঠানের জন্য বাংলাদেশের অনুরোধ প্রত্যাখান করেছে ভারত। চুক্তি স্বাক্ষরের আগে যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও ভারত কী পরিমাণ পানি পাবে সে ব্যাপারে মতৈক্য হতে হবে। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর শুরু হচ্ছে। এছাড়া তিস্তার কোন স্থান থেকে নদীর প্রবাহ সম্পর্কে উপাত্ত সংগ্রহ করা হবে সে ব্যাপারে রোববার রাত পর্যন্ত জেআরসি কারিগরি কমিটির বৈঠকে বাংলাদেশ ও ভারতের পানি বিশেষজ্ঞরা একমত হতে পারেননি। আবার যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তার পানি প্রবাহ সম্পর্কে তথ্য-উপাত্ত উপস্থাপন করতেই হবে পানি বন্টনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে। ভারতের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত বিভিন্ন বিষয় রয়েছে। এর মধ্যে অভিন্ন নদীর পানি বন্টন, সমুদ্রসীমা ও ছিটমহল উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় এসব বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। গত সেপ্টেম্বরে দুদেশের মধ্যকার সমঝোতা অনুযায়ী, উভয় দেশকে বিশেষজ্ঞদের নিয়ে একটি যৌথ কমিটি গঠনের মাধ্যমে তিস্তার পানি প্রবাহ সম্পর্কে উপাত্ত সংগ্রহ করতে হবে। পরে তা জেআরসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থাপন করতে হবে। এই উপাত্তের ভিত্তিতে জেআরসি তিস্তার পানি বন্টন চুক্তির খসড়া তৈরির লক্ষ্যে দু'দেশের পানির হিস্যা নির্ধারণ করবে। পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস রোববার বিকেলে তার দপ্তরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিস্তার পানি বন্টন চুক্তি সংক্রান্ত বিষয়গুলো এখনো কাঠামোবদ্ধ করা হয়নি। "আমরা জেআরসির বৈঠকের জন্য একটি তারিখ ঠিক করার চেষ্টা করছি। এই বৈঠক ২৪ তারিখ (ডিসেম্বর) বা তার আগে হবে কিনা তা এখনো ঠিক হয়নি।" তিনি বলেন, দু'শের শীর্ষ নেতৃত্ব চাইলে অনেক কিছুই হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারত আমাদের জানিয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের আগে জেআরসির বৈঠক অনুষ্ঠান সম্ভব নয়। "এই মুহূর্তে তিস্তার পানি বন্টন চুক্তি সইয়ের একটি ক্ষীণ সম্ভাবনা রয়েছে। সবকিছুই এখন নির্ভর করছে দু'দেশের সর্ব্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের উপর।" এ বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, দু'দেশের সর্ব্বোচ্চ রাজনৈতিক নেতৃত্ব হলো দুই প্রধানমন্ত্রী। মুখপাত্র বলেন, দুই প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতিতে ভবিষ্যতে তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষরের ব্যাপারে একটি সময়সীমা উল্লেখ করা হতে পারে। জেআরসি কারিগরি কমিটির ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর পানি সম্পদ সচিব শেখ ওয়াহেদ উজ জামান সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রীর সফরের সময় পানি সংক্রান্ত কোনো এজেন্ডা আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে কিনা তা আমার জানা নেই।" বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের কারিগরি কমিটির বৈঠক গত শুক্রবার থেকে ঢাকায় শুরু হয়েছে। এতে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জেআরসি সদস্য এস পি কাকরান। আর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জেআরসি সদস্য মীর সাজ্জাদ হোসেন। সন্ধ্যা পৌনে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফররত ভারতীয় প্রতিনিধি দল তিস্তার পানি প্রবাহের উপাত্ত নদীর কোন স্থান থেকে সংগ্রহ করবে সে ব্যাপারে মতৈক্যে পৌঁছতে পারেনি। এ বছরের সেপ্টেম্বরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির নয়াদিল্লী সফরের সময় বাংলাদেশ ও ভারত একমত হয়েছিলো যে উভয় দেশ বাংলাদেশের উজানে (ভারত) তিস্তার পানি প্রবাহের উপাত্ত সংগ্রহের জন্য একটি যৌথ কারিগরি দল গঠন করবে। অথচ এ কারিগরি দল এখনো গঠন হয়নি। উভয় দেশ গত সেপ্টেম্বরে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা তরান্বিত করার ব্যাপারে একমত হয়। বৃহত্তর রংপুর অঞ্চলের কৃষকদের জন্য এই তিস্তা নদী একটি প্রাণপ্রবাহের মতো। বাংলাদেশ তিস্তার পানি বন্টন নিয়ে একটি চুক্তির দাবি জানিয়ে আসছে কয়েক দশক ধরে। ভারত ১৯৮৭ সালে বাংলাদেশের উজানে গজলডোবায় একটি ব্যারাজ নির্মাণ করে সেচ ও অন্যান্য কাজের জন্য তিস্তার পানি প্রত্যাহার করছে। কৃষিভিত্তিক কিন্তু দরিদ্র রংপুর অঞ্চলে সেচকাজের জন্য ১৯৯০ সালে বাংলাদেশ তিস্তা ব্যারাজ নির্মাণ করে। তিস্তা ব্যারাজের প্রথম পর্যায়ের প্রকল্প থেকে এ অঞ্চলের সাড়ে সাত লাখ হেক্টর জমি সেচ সুবিধা পাচ্ছে। শুষ্ক মৌসুমে তিস্তায় পানি সংকটের কারণে বাংলাদেশ তিস্তা ব্যারাজ প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন করতে পারছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/২১২৫ঘ.