রাজশাহী, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসে অতিরিক্ত ভাড়া আদায় এবং এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্ররা রোববার তিন ঘণ্টা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে।
রুয়েটের প্রধান ফটকের সামনে সকাল ১০টা থেকে দুপুর প্রায় দেড়টা পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বাসচালক, সুপারভাইজার ও মালিকের শাস্তি দাবি করে।
এ সময় তারা একটি বাস ভাঙচুর করে বলে পুলিশ জানিয়েছে।
রুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের ছাত্র আনোয়ার হোসেন ও নজরুল ইসলাম জানান, একই বিভাগ ও বর্ষের ছাত্র আব্দুর রাজ্জাক শনিবার রাতে বগুড়া থেকে ক্যাম্পাসে ফেরার সময় তার কাছে ৬০ টাকার বাস ভাড়া ৮০ টাকা চায়। এ নিয়ে বাসের সুপারভাইজারের সঙ্গে রাজ্জাকের তর্কাতর্কি হয়।
তারা জানান, রাত সাড়ে ১০টার দিকে রাজ্জাক রুয়েটের গেটে বাস থেকে নামতে চাইলে তাকে জোর করে নগরীর শিরইল বাস টার্মিনালে নিয়ে যায়। সেখানে বাসের সুপারভাইজার ও সহকারী তাকে মারধর করে। রাতে সহপাঠীরা তাকে উদ্ধার করে।
মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, অবরোধের সময় শিক্ষার্থীরা মডার্ন এন্টারপ্রাইজের একটি বাস ভাংচুর করেছে। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপাশে আটকা পড়ে বেশ কিছু যানবাহন।
পরে রাজশাহী সড়ক পরিবহন গ্র"পের যুগ্ম-সম্পাদক সাফকাত মঞ্জুর বিপ্লবসহ বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, রুয়েট প্রশাসন ও পুলিশ প্রশাসনের বৈঠকের পর দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
ওসি জানান, অবরোধ চলাকালে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়।
রুয়েট ছাত্র কল্যাণ উপদেষ্টা ড. আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ রকম ঘটনা আর ঘটবে না- পরিবহন মালিক-শ্রমিকরা এমন আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।"
বিরোধ মীমাংশায় রাত নয়টায় আবারো আলোচনায় বসার কথা রয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৫৬ ঘ.
bdnews24