২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছে সরকার'

শিক্ষাক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 01:38 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষাক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাপানের সুমিতমো কর্পোরেশনের শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নাহিদ বলেন, "তৃতীয় বিশ্বের একটি দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। শিক্ষাক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। "বর্তমান প্রজন্মকে সুশিক্ষিত করতে পারলেই তারা আগামী দিনে কার্যকরভাবে দেশের নেতৃত্ব দিতে পারবে।" বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত তামোতসু শিনোতসুকা বলেন, "শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়তে পারলে আত্মনির্ভরশীল দেশ গড়া শুধুমাত্র সময়ের ব্যাপার।" সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন,"বাংলাদেশ মেধাহীন মানুষের দেশ নয়। সাহস, শক্তি ও বুদ্ধিমত্তায় এ দেশের মানুষ বিশ্বে অনন্য। প্রয়োজনীয় অনুপ্রেরণা ও সহযোগিতা পেলে এ দেশে অসংখ্য গুণীজন জন্ম নেবে।" তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা উপকরণ সংকট মোকাবেলা ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে এগিয়ে আসতে দেশী-বিদেশী বিভিন্ন সংগঠনের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, সুমিতমো কর্পোরেশনের জেনারেল ম্যানেজার মাসাহিকো সুজিয়ামা প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৮০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। ১৯৯৬ সাল থেকে সুমিতমো কর্পোরেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বৃত্তি দিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯৩৩ ঘ.