নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে শনিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে চারজন এক পরিবারের সদস্য বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি চলাচল আধা ঘণ্টা বন্ধ ছিলো।
রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার সাংবাদিকদের জানান, কর্ণগোপ এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টা দিকে একটি যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশা আরোহী স্কুল শিক্ষক মোহাম্মদ রিপন (৪০), তার স্ত্রী ছবি বেগম (৩০), দুই শিশু সন্তান আবিদ ও জিসান ঘটনাস্থলেই নিহত হয়।
দুর্ঘটনায় অটো রিকশা চালক রবিউলও নিহত হন। নিহত অপর জনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, রিপনের শ্বশুর বাড়ি রূপগঞ্জ থানার বরপা এলাকায়। তিনি শ্বশুর বাড়ি থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে ঘোড়াশালে নিজ বাড়িতে যাচ্ছিলেন।
পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০১৬ ঘ.
bdnews24