ঝিনাইদহ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গৌরিনাথপুর গ্রাম থেকে শনিবার সন্ধ্যায় পুলিশ একটি কষ্টিপাথরের রাধামূর্তি উদ্ধার করেছে।
এ সময় শামসুর রহমান ও সানোয়ার নামের দু'জনকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সানোয়ারের মাধ্যমে এক অপরিচিত ব্যক্তি কয়েকদিন আগে শামসুর রহমানের বাড়িতে প্রায় ১৫ কেজি দুই শ' গ্রাম ওজনের মুর্তিটি রেখে যায়। গোপন সংবাদ পেয়ে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা মূর্তিটি উদ্ধার করে।
পাচারের জন্য মূর্তিটি ওখানে রাখা হয় বলে পুলিশ ধারণা করছে। আটক দুজনকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার তাদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৫ ঘ.
bdnews24