২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৈত্রিক ভিটা দেখতে ভারত যাচ্ছেন এরশাদ

পৈত্রিক ভিটা দেখতে রোববার ভারতের কুচবিহার যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। সঙ্গে ছেলে এরিককেও নিয়ে যাচ্ছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2009, 07:23 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৈত্রিক ভিটা দেখতে রোববার ভারতের কুচবিহার যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। সঙ্গে ছেলে এরিককেও নিয়ে যাচ্ছেন তিনি। জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায় শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এরশাদ সড়কপথে বুড়িমারী সীমান্ত হয়ে কুচবিহার যাবেন। আগামী বুধবার দেশে ফিরবেন তিনি। এরশাদ শনিবার সড়কপথে ঢাকা থেকে রংপুর রওনা হন। সেখানে থেকে পরদিন ভারতের পথে রওনা হবেন তিনি। এরশাদের পরিবারের আদিবাড়ি পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটায়। ১৯৪৭ এ ভারত যখন স্বাধীন হয় তখন কুচবিহার ছিল স্বাধীন মহারাজার শাসনাধীন। ১৯৪৯ সালে কুচবিহার ভারতের অন্তর্ভুক্ত হয়। ১৯৫০ সালে কুচবিহার পশ্চিমবঙ্গের একটি জেলার মর্যাদা পায়। এরশাদের বাল্যবন্ধু ডা. অসিত চক্রবর্তীর উদ্ধৃতি দিয়ে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৪৬ সালে দিনহাটা বয়েজ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন এরশাদ। এরপর এরশাদের বাবা মকবুল হোসেন পরিবার নিয়ে সীমান্তের এপারে রংপুরে এসে বসতি গড়েন। মকবুলের অপর পাঁচভাই সীমান্তের ওপারে ভারতেই রয়েছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়। এর আগে ১৯৭৫ সালে সর্বশেষ পৈত্রিক ভিটা দেখতে যান এরশাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরবি/এমআই/১৩১৫ ঘ.