খাগড়াছড়ি, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন ধর্মঘটের কারণে শনিবার সকাল থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
সড়কে শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জেলার যানবাহন মালিক সমিতির অনির্দিষ্টকালের এ ধর্মঘট ডেকেছে।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এস এম শফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিক নির্যাতনের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।"
গত ১৬ নভেম্বর মানিকছড়ি কালাপানি এলাকায় শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়। এর ক্ষতিপূরণ না পেয়ে নিহতের আত্মীয়-স্বজন শুক্রবার শান্তি'র কাউন্টারে হামলা চালায় এবং তিন কর্মচারীকে মারধর করে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
অপরদিকে, ইউপিডিএফ নেতা রুইখই মারমা হত্যার প্রতিবাদে সংগঠনটির ডাকা জেলার লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে অর্নিদিষ্টকালের সড়ক অবরোধ চলছে।
গত ২ অক্টোবর লক্ষ্মীছড়ির বর্মাছড়ি ইউনিয়নের বতটলী এলাকায় সন্ত্রাসী হামলায় রুইখই নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩১২ ঘ.
bdnews24