বান্দরবান, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান সদর উপজেলা পরিষদ ভবনে শুক্রবার ভোরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে আগুন লাগে।
এতে কার্যালয়ের আসবাব, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ অনেক কাগজ পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের পর জেলা প্রশাসক (ডিসি) মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডন্ট নিহার রঞ্জন সরকার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাত দিয়ে সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে আগুনের সূত্রপাত।
তিনি জানান, স্থানীয় লোকজনের সহায়তায় দমকল বাহিনী প্রায় দুই ঘণ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
উপজেলা চেয়ারম্যান বলেন, আগুনে কার্যালয়ের ফটোস্ট্যাস্ট মেশিন, কম্পিউটার, টাইপরাইটার, ত্রাণের বিভিন্ন সামগ্রী, আলমারি, চেয়ার-টেবিলসহ গুরুত্বপূর্ণ অনেক কাগজ পুড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৫৯ ঘ.
bdnews24