সুনামগঞ্জ, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের দোয়ারাবাজারে একই স্থানে যুবলীগ ও জামায়াতে ইসলামী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আহবান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
উপজেলা সদরের রেজিস্ট্রার মাঠ ও এর আশপাশের এক কিলোমিটার এলাকায় শুক্রবার দুপুর ১টা থেকে অনির্দিষ্টকাল সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।
নিষেধাজ্ঞা জারির পর দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোয়ারাবাজার উপজেলার রেজিস্ট্রার মাঠে উপজেলা যুবলীগ ও জামায়েত ইসলামী শুক্রবার ১১টায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আহবান করে।
এক সপ্তাহ আগে অনুষ্ঠানের ঘোষণা দিলেও প্রশাসন কোনো পক্ষকেই অনুষ্ঠান করার অনুমতি দেয়নি।
তিনি জানান, অনুমতি না থাকা সত্ত্বেও শুক্রবার সকাল থেকে যুবলীগ ও জামায়েত ইসলামীর নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকে। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে দুপুর ১টায় ১৪৪ ধারা জারি করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি সাইদুর রহমান জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আবারও সংঘর্ষের আশঙ্কায় উপজেলা সদরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১১ ঘ.
bdnews24