কুষ্টিয়া, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে আরো দুই জন নিহত হয়েছে।
মানবাধিকার সংগঠনগুলোর অব্যাহত সমালোচনার মধ্যেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' গত তিন মাসে শুধু কুষ্টিয়ায় নিহতের সংখ্যা ৩১ জনে দাঁড়ালো।
পুলিশ জানায়, সদর উপজেলার জগতি ইউনিয়নের জগতি রেল স্টেশনের পাশে শুক্রবার ভোররাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' রোকন (৩২) ও সমিরুদ্দিন ওরফে হাতকাটা সাগর (৩৪) নামে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির দুই সদস্য নিহত হন।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) শাহাবুদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্টেশন সংলগ্ন আম বাগানের ভেতর চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ও কুষ্টিয়া সদর থানা পুলিশের একটি দল রাত সোয়া ২টার সময় সেখানে অভিযানে যায়। ওই সময় চরমপন্থীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।"
বন্দুকযুদ্ধের এক পর্যায়ে চরমপন্থীরা পিছু হটলে ঘটনাস্থলে লাশ দুটি পাওয়া যায় জানিয়ে এসপি বলেন, পরে স্থানীয়রা লাশগুলো সনাক্ত করে।
রোকনের বাড়ি কুষ্টিয়া শহরতলীর পশ্চিম মজমপুর এলাকায়, সাগর জেলা শহরের চৌড়হাস এলাকার বাসিন্দা।
কুষ্টিয়া সদর থানার ওসি একেএম ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোকনের বিরুদ্ধে কুষ্টিয়া সদর, মিরপুর ও দৌলতপুর থানায় পাঁচটি হত্যাসহ ১২টি এবং সাগরের বিরুদ্ধে সদর থানায় তিনটি হত্যাসহ ১০টি মামলা রয়েছে।
চরমপন্থীদের দমনে গত সেপ্টেম্বর থেকে কুষ্টিয়াসহ আশপাশের এলাকায় র্যাব ও পুলিশ জোরদার অভিযানে নামে। এতে বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে বলে অভিযোগ মানবাধিকার সংগঠনগুলোর। তবে সরকার সে অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৪৫ ঘ.
bdnews24