ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিকাদান কর্মসূচির কভারেজ মূল্যায়ন জরিপ প্রতিবেদন বইয়ে মন্ত্রীদের বাণী না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির।
বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে মন্ত্রীদের বাণী না থাকার বিষয়টি টেনে এনে প্রতিমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে উদ্দেশ করে বলেন, "আমরা আছি বলেই আপনি আছেন। না হলে আগের মতো ওএসডি হয়ে থাকতেন।"
এ সময় স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. মোদাচ্ছের আলী, দাতা ও সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধি এবং বিভিন্ন জেলার সিভিল সার্জনরা উপস্থিত ছিলেন।
মজিবুর রহমান ফকির বলেন, "এই বইয়ে তো প্রধানমন্ত্রীর বাণী থাকতে পারতো, স্বাস্থ্যমন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাণী থাকতে পারতো। টিকাদান কর্মসূচির সাফল্য বাংলাদেশের একটা বড় সাফল্য। এ সাফল্য এখন আপনি কাকে দেখাবেন। কীভাবে এই বইটি মন্ত্রীদের দেবেন।"
পরে মহাপরিচালক অধ্যাপক শাহ মনির হোসেন এ 'ভুলের' জন্য তাৎক্ষণিক ক্ষমা চান। সেইসঙ্গে মন্ত্রীদের বাণী জুড়ে দিয়ে বইটি বিতরণ করা হবে বলেও সবাইকে অবহিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/জিএমএ/২১৪৫ ঘ.
bdnews24