২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মনোনয়নপত্র বৈধ

মনোনয়নপত্র বৈধ হওয়ায় খালেদা জিয়ার তৃতীয় মেয়াদে বিএনপির চেয়ারপারসন হওয়া এখন প্রায় চূড়ান্ত, শুধু ঘোষণার আনুষ্ঠানিকতা বাকি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2009, 07:59 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনোনয়নপত্র বৈধ হওয়ায় খালেদা জিয়ার তৃতীয় মেয়াদে বিএনপির চেয়ারপারসন হওয়া এখন প্রায় চূড়ান্ত, শুধু ঘোষণার আনুষ্ঠানিকতা বাকি। বিএনপি চেয়ারপারসন নির্বাচন-২০০৯ এর রিটার্নিং কর্মকর্তা ও দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গণি বৃহস্পতিবার বাছাই শেষে খালেদার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। ওই পদে শুধু খালেদা জিয়ার মনোনয়নপত্রই জমা পড়ে। আর এ গণি নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "তফসিল অনুযায়ী আজ (বৃহস্পতিবার) মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল। খালেদা জিয়ার মনোনয়নপত্রটি সঠিক হওয়ায় এটিকে আমরা বৈধ বলে ঘোষণা করছি।" মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন শুক্রবার। সে দিন বিকাল ৫টার পর অনানুষ্ঠানিকভাবে খালেদা চেয়ারপারসন হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা। তবে আগামী ৮ ডিসেম্বর বিএনপির জাতীয় কাউন্সিলেই খালেদাকে চেয়ারপারসন হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। খালেদা জিয়ার মনোনয়নপত্রটি পরীক্ষা করেন রিটার্নিং কর্মকর্তা আর এ গণি, সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল মান্নান, নির্বাচন কমিশনের সদস্য সানাউল্লাহ মিয়া ও গঠনতন্ত্র উপকমিটির সদস্য মাসুদ তালুকদার। বুধবার খালেদা জিয়ার মনোনয়নপত্রটি জমা দেন রিজভী আহমেদ। ১৯৮২ সালে এইচ এম এরশাদ রাষ্ট্রপতি আবদুস সাত্তারকে সরিয়ে ক্ষমতা দখলের পর বিএনপির হাল ধরতে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। '৮৩ সালে দলের ভাইস চেয়ারম্যান এবং পরের বছরের ১০ এপ্রিল দলটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নেন খালেদা। সর্বশেষ ১৯৯৩ সালে চতুর্থ কাউন্সিলে তিনি দ্বিতীয় দফা চেয়ারপারসন নির্বাচিত হন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি এবার পঞ্চম জাতীয় কাউন্সিল করছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দলটি গঠিত হয়। '৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে জিয়া নিহত হওয়ার পর খালেদা দায়িত্ব নেওয়ার আগ পর্যন্তচেয়ারম্যানের দায়িত্বে ছিলেন আবদুস সাত্তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৪৫ ঘ.