কামরুল হাসান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
সাতক্ষীরা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় আইলায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার অনেক গ্রামের মত ডুমুরিয়া গ্রামটিও প্লাবিত হয়েছিল। তলিয়ে গিয়েছিল বৃদ্ধ আশরাফ গাজীর বাড়ি-ঘর। তখন থেকে প্রায় ছয় মাস ধরে দশ সদস্যের পরিবার নিয়ে বেড়িবাঁধে আছেন তিনি।
আশরাফ জানেন না কবে বাড়ি ফিরতে পারবেন তারা। বাড়ি-ঘর থেকে পানি নামেনি। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত না হওয়ায় প্রতিদিন দু'বেলা বাড়ি-ঘর তলিয়ে যায় জোয়ারের পানিতে।
এই দুর্গতি আশরাফ গাজীর মত প্রায় এক লাখ মানুষের। প্রথম প্রথম ত্রাণ পেলেও এখন আর কেউ খোঁজ নেয় না। পলিথিন, ভাঙা বেড়া, টিনের টুকরো দিয়ে চাওয়া খুপড়ি ঘরে বর্ষায় কেটেছে তাদের। আর এখন শীতের কনকনে বাতাসে হাড়ে কাঁপন লাগে।
থাকা-খাওয়ার কষ্টের সঙ্গে রয়েছে তীব্র পানি সঙ্কট। উপকূলীয় এই এলাকায় সুপেয় পানির একমাত্র ভরসা নলকূপ তলিয়ে যাওয়ায় দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হয় তাদের।
শ্যামনগরেরই নয় নম্বর সোরা গ্রামের নছিরন বিবি, রাজিয়া খাতুন ও চকবারা গ্রামের বৃদ্ধা ফুলঝুরি বিবি বললেন, তারা ত্রাণ চান না, সরকার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করে দিক। তারা নতুন করে ঘর বাঁধবেন।
গত ২৫ মে ঘূর্ণিঝড় আইলা'য় উপকূলীয় এলাকার কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত হয়। সাতক্ষীরায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হল- শ্যামনগর উপজেলার গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়ন।
আইলার আঘাতে সৃষ্ট জলোচ্ছ্বাসে গাবুরা ইউনিয়নের লেবুবুনিয়া, খলিসাবুনিয়া, চাদনি মুখা, জেলেখালি সহ একাধিক বাঁধ ভেঙে যায়। কপোতাক্ষ ও আড়পাঙ্গাশিয়া নদীর প্রবল স্রোতে বাঁধ ভেঙে গাবুরা ইউনিয়নের প্রায় সব গ্রামই প্ল
bdnews24