২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপিয়ান কমিশন এখন থেকে ইউরোপিয়ান ইউনিয়ন

ইউরোপিয়ান কমিশন মঙ্গলবার থেকে ইউরোপিয়ান ইউনিয়ন হিসেবে পরিচিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2009, 03:47 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, ডিসেম্বর ১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপিয়ান কমিশন মঙ্গলবার থেকে ইউরোপিয়ান ইউনিয়ন হিসেবে পরিচিত হবে। লিসবন চুক্তির আওতায় ইউরোপিয়ান কমিশনের (ইসি) সদস্য ২৭টি দেশ এখন থেকে (১ ডিসেম্বর) থেকে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সদস্য হিসেবে পরিচিতি লাভ করবে। বাংলাদেশে ইইউ ডেলিগেশনের প্রধান স্টিফেন ফ্রোয়েন মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। স্টিফেন ফ্রোয়েন সম্মেলনে বলেন, ১ ডিসেম্বর থেকে লিসবন চুক্তি কার্যকর হওয়ায় ইইউ এর সদস্য দেশগুলো প্রাতিষ্ঠানিকভাবে আরও সুসংগঠিত হবে এবং বিভিন্ন ক্ষেত্রে কার্যকরভাবে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে। তিনি জানান, ইউরোপিয়ান ইউনিয়নে আনুষ্ঠানিক রূপান্তর উপলক্ষে ১ ডিসেম্বর পর্তুগালের রাজধানী লিসবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, নতুন চুক্তির ফলে ভবিষ্যতে সদস্য দেশগুলোর নাগরিকদের ভিসা সংক্রান্ত সহায়তা দেবে ইইউ। ইইউ ভিসার মাধ্যমে যুক্তরাজ্য ছাড়া ইউনিয়নভুক্ত দেশসমূহে ভ্রমণ করা যাবে। তিনি আরও বলেন, বাংলাদেশে ইসি'র কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে। তবে তা নতুন নামে ( ডেলিগেশন অব ইউরোপিয়ান ইউনিয়ন) পরিচিতি পাবে। এক প্রশ্নের উত্তরে ফ্রোয়েন বলেন, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও উন্নয়ন কার্যক্রম এবং জরুরি অবস্থায় সহযোগিতার ক্ষেত্রে ইইউ'র অবস্থান বাংলাদেশে আগের মতোই অপরিবর্তিত থাকবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত ব্রিট এফ হাগসট্রম এবং স্পেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এদুওয়ার্দো রোমারো উপস্থিত ছিলেন। স্টিফেন ফ্রোয়েন বলেন, ইইউ এর একটি প্রতিনিধি দলের পাশাপাশি ইউনিয়নভুক্ত ২৭টি দেশের মধ্যে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানী, ইটালি, নেদারল্যান্ড, স্পেন, সুইডেন এবং যুক্তরাজ্যের বাংলাদেশে দূতাবাস রয়েছে। তিনি বলেন, ইইউ এর একটি সাধারণ বৈদেশিক ও নিরাপত্তা বিষয়ক নীতি রয়েছে যার আওতায় বাংলাদেশে সদস্যভূক্ত রাষ্ট্রের প্রতিনিধিরা এবং ইইউ প্রতিনিধি নিয়মিত সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন কার্যক্রম সমন্বয় করেন। প্রশ্নোত্তরে ফ্রোয়েন বলেন, পর্যায়ক্রমে লিসবন চুক্তির আওতায় একই ভিসাসহ অন্য বিষয়গুলো বাস্তবায়িত হবে। ইইউ ভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহায়তার বিষয়গুলো ক্ষতিগ্রস্ত হবে না। বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে ইইউ বিভিন্ন দেশের অংশীদার হিসেবে আরও বেশি সমন্বিতভাবে কাজ করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২১৩০ঘ.