ভোলা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদীতে ঈদের আগের রাতে দুর্ঘটনা কবলিত এমভি কোকো-৪ নামের লঞ্চটির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে।
এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)- এর তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া লঞ্চটির যাত্রী লালমোহনের মো. কামাল সোমবার রাতে থানায় মামলাটি করেন।
লালমোহন থানার ওসি জাকির হোসেন ফকির মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ওসি জানান, মামলায় অভিযোগ করা হয়েছে- অতিরিক্ত যাত্রী বোঝাই, বেপরোয়া গতি ও নাজিরপুর লঞ্চ টার্মিনালে লঞ্চ না ভিড়িয়ে প্রায় ৫০ ফুট আগে ভেড়ানোর চেষ্টা করায় লঞ্চডুবে মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।
তিন কর্মকর্তা বরখাস্ত
বিআইডব্লিউটিএ'র ওই তিন কর্মকর্তাকে বরখাস্তের কথা জানিয়ে মঙ্গলবার এক সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, উদ্ধারকারী জাহাজ 'হামাজাকে' দুর্ঘটনাস্থলে পাঠাতে দেরি হওয়ায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ওই কর্মকর্তারা হলেন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুর রাজ্জাক, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ বরিশাল শাখার ঊর্ধ্বতন উপ-পরিচালক মো. শাহজাহান এবং বন্দর ও পরিবহন বিভাগ বরিশাল শাখার ঊর্ধ্বতন উপ-পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম।
উদ্ধার তৎপরতা
লঞ্চডুবির ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৭৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে প্রায় অর্ধেক সংখ্যকই শিশু। লঞ্চের অনেক যাত্রী এখনো নিখোঁজ রয়েছে।
স্থানীয় প্রশাসন ৪৪ জনের নিখোঁজ হওয়ার কথা জানালেও স্বেচ্ছাসেবকরা বলছেন, নিখোঁজের সংখ্যা এখনো শতাধিক।
তবে রোববার বিকেলে উদ্ধারকারী জাহাজ হামজা নিমজ্জিত কোকো-৪ লঞ্চটি ভাসিয়ে তোলার পর কার্যত উদ্ধার অভিযান বন্ধ রয়েছে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপ সচিব বাইতুল আমিন ভূইয়া জানান, হামজার উদ্ধার ক্ষমতা সর্বোচ্চ ৬০ টন। অথচ পানি ভর্তি এমভি কোকো- ৪ লঞ্চের ওজন হবে প্রায় তিনশ' টন। নারায়ণগঞ্জ থেকে অপর উদ্ধারকারী জাহাজ রুস্তম দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে।
মঙ্গলবার রাত নাগাদ এটি পৌঁছলে আবারো উদ্ধার কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
তদন্ত কমিটি
লঞ্চডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন পৃথক দুটি তদন্ত কমিটি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/এএল/এইচএ/২১২৮ ঘ.
bdnews24