ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর পলাতক থাকা খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের এখন কথা না বলাই উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন।
বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরত আনার বিষয়ে আইন মন্ত্রী শফিক আহমেদের বক্তব্যের একদিন পর স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার একথা বললেন।
সচিবালয়ে সাংবাদিকরে সঙ্গে এক মতবিনিময় সভায় সাহারা বলেন, "বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে আমাদের উদ্যোগ থেমে নেই। ইতোপূর্বে এ ব্যাপারে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারি করা হয়েছে।"
তিনি জানান, যারা পালিয়ে আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশে অবস্থান করছে। তারা দ্রুত স্থান বদলের কৌশল নিয়েছে।
মন্ত্রী বলেন, "খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সবাইকে বিস্তারিত জানানো ঠিক হবে না। এতে খুনিরা অনেক ক্ষেত্রে পালিয়ে যাওয়ার সুযোগ পেতে পারে।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব দেশের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি নেই সেসব দেশে খুনিরা ধরা পড়লে সমঝোতার মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমইউএস/জিএনএ/১৩৩০ ঘ.
bdnews24