২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মালয়েশিয়া শ্রমিক নেওয়ার নিষেধাজ্ঞা আপাতত প্রত্যাহার করছে না'

মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিক নেওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা আপাতত প্রত্যাহার করছে না বলে সোমবার একাধিক বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2009, 04:57 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিক নেওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা আপাতত প্রত্যাহার করছে না বলে সোমবার একাধিক বার্তা সংস্থার খবরে বলা হয়েছে। মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামা জানায়, পোর্ট-অব-স্পেনে কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনের (সিএইচওজিএম) পার্শ্ববৈঠকে মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক নাজিব শেখ হাসিনাকে এ কথা জানিয়েছেন। রোববারের ওই বৈঠকের পর নাজিব বারনামাকে জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুরোধে তিনি সাড়া দেননি। নাজিব বলেন, "আমি তাকে (শেখ হাসিনা) ব্যাখ্যা করে বলেছি যে, বাংলাদেশের শ্রমিকরা যাতে অসৎ এজেন্টদের প্রতারণার শিকার না হয় সেজন্যই এ নিষেধাজ্ঞা। এ ধরনের প্রতারণা আমরা প্রতিরোধ করতে চাই।" মালয়েশীয় প্রধানমন্ত্রী বলেন, অনেক এজেন্ট বাংলাদেশের শ্রমিকদের একথা বোঝায় যে মালয়েশিয়ায় তাদের ভাল বেতনের চাকরি আছে। একথা বিশ্বাস করে মালয়েশিয়ায় আসার জন্য কেউ কেউ তাদের সহায়-সম্বলও বেচে দিয়েছে। ওদিকে, মালয়েশিয়ার ট্রেড ইউনিয়ন কংগ্রেস (এমটিইউসি) বলেছে, বাংলাদেশি শ্রমিক নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, না সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সে সম্পর্কে তারা পরিষ্কার নয়। বিষয়টি স্পষ্ট করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। সোমবার তাদের পক্ষ থেকে বলা হয়েছে, "এমটিইউসি যা জানে তা হচ্ছে, বিদেশি শ্রমিকদের অতিরিক্ত চাপ কমাতে বাংলাদেশ থেকে শ্রমিক আনার ওপর শুধু সাময়িক স্থগিতাদেশ আছে।" বৈশ্বিক মন্দার কারণ দেখিয়ে মালয়েশিয়া গত মার্চ মাসে ৫৫ হাজার বাংলাদেশি শ্রমিকের ভিসা বাতিল করে দেয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সমৃদ্ধ অর্থনীতি মালয়েশিয়ার নির্মাণ ও খামার খাতে মূলত বিদেশি শ্রমিকরা কাজ করে থাকে। আর এসব শ্রমিকের বেশিরভাই বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের। এ বিষয়ে জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদককে সোমবার রাতে বলেন, "আমি শুনেছি আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন, আপনাদের দেশে আমাদের যে শ্রমিকরা আছেন তাদেরকে একটু দেখে রাখবেন। এবং যদি সম্ভব হয় আপনারা আমাদের দেশ থেকে আরো শ্রমিক নেবেন।" জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, "ঠিক আছে, বিষয়টি আমরা দেখবো।" নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ প্রত্যাখ্যান হওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, "খবরটা আমি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম।" এ সময় তিনি পাল্টা প্রশ্ন রাখেন, "আপনি-ই বলেন, যখন দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে কথা হয় তখন কি কূটনৈতিকভাবে সরাসরি প্রত্যাখ্যান করার মতো ভাষা ব্যবহার করা যায়?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/আরবি/এসকে/২২৪৬ঘ.