চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামবাসী উদযাপন করছে পবিত্র ঈদুল আজহা।
সকালে জামাতের পরপরই ধর্মপ্রাণ মুসল্লিরা পশু কোরবানির দিয়ে উৎসব শুরু করে। ঈদের জামাত থেকে মুসলিম উম্মাহ ও দেশের জন্য প্রার্থনা করা হয়।
চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। সিটি কর্পোরেশনের উদ্যোগে অনু্িষ্ঠত বৃহত্তম এ জামাতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরী।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন, বিএনপি'র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জহিরুল আলম দোভাষ, বিএনপি নেতা দস্তগীর চৌধুরীসহ সর্বস্তরের জনগণ এই জামাতে অংশ নেন।
একই মসজিদে সকাল সোয়া ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে সকাল সাড়ে ৯টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে।
এ ছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ঈদ জামাত কিমিটির উদ্যোগে পৃথক জামাত হয়।
কোরবানির পরপরই নগরীর বিভিন্ন স্থানে জবাই করা পশুর বর্জ্য অপসারণ করা শুরু করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/জিএনএ/১৬০২ ঘ.
bdnews24