চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় ষাঁড়ের লড়াই দেখতে গিয়ে শুক্রবার বিকালে দেয়াল চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন।
নিহতের নাম ফাহিম আহমেদ (১৪)। সে আগ্রাবাদ বালুর মাঠ এলাকার জাফর আহমেদের একমাত্র ছেলে। আহতদের নাম জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টার দিকে বালুর মাঠ এলাকায় একটি বাড়ির সীমানা দেয়ালে বসে ফাহিম অন্যদের সঙ্গে ষাঁড়ের লড়াই দেখছিল। হঠাৎ দেয়ালটি ধসে পড়লে ফাহিম তার ও অন্যরা এর নিচে চাপা পড়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জহুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত তিনজনকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসকরা ফাহিমকে মৃত ঘোষণা করেন।
ডবলমুরিং থানার ওসি মঞ্জুরুল হক জানান, কুরবানির জন্য কেনা গরু নিয়ে এখানে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করেছিল স্থানীয় লোকজন। এ সময় দুর্ঘটনাটি ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১১৩০ ঘ.
bdnews24