ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজট এবং যমুনা সেতুতে টোল আদায়ে 'ধীরগতির' কারণে রাজধানী থেকে উত্তরবঙ্গগামী যাত্রীরা বৃহস্পতিবার মারাত্মক দুর্ভোগের মধ্যে পড়েন।
রাজধানী থেকে কমপক্ষে ৭/৮ ঘন্টা দেরিতে ছেড়েছে উত্তরবঙ্গের বাসগুলো।
চন্দ্রা এবং যমুনা সেতুতে জটলার কারণেই সময়মতো বাসগুলো স্ট্যান্ড থেকে ছাড়তে পারছেনা বলে বাস কর্তৃপক্ষ অভিযোগ করেছে।
ঢাকা থেকে উত্তরবঙ্গের অধিকাংশ বাস গাবতলী থেকে ছাড়ে। বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। এ কারণে গাবতলী বাসস্ট্যান্ডে ঘরমুখো মানুষের ভিড় ছিল উপচে পড়া।
বিকালে গাবতলী বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে করুণ চিত্র। অসহায়ের মতো শতশত যাত্রী বাসের জন্য বসে আছেন। অনেকের সঙ্গেই শিশু। দীর্ঘসময় বসে থেকে কেউ অসুস্থ হয়ে পড়েছেন।
হাসান নামে দিনাজপুরের এক যাত্রী জানান, হানিফ এন্টারপ্রাইজে তার গাড়ি ছিল সকাল ১০টায়। ছেড়েছে বিকাল ৫টায়।
একই ভাবে রংপুরের এক যাত্রী জানান, তার দুপুর ১২টার গাড়ি সন্ধ্যা ৭টা পর্যন্ত ছাড়েনি।
এসএ পরিবহনের যাত্রী মান্নান এবং তার স্ত্রী মারুফা জানান, বগুড়ার দুপুর ২টার গাড়ি বিকাল ৫টা পর্যন্ত ছাড়েনি। আরো ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে বলে বাস কর্তৃপক্ষ জানিয়েছে।
এ ব্যাপারে হানিফ এন্টার প্রাইজের ম্যানেজার বলাই দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যমুনা সেতুতে 'খুব ধীর গতিতে' টোল নেওয়া হচ্ছে। এছাড়া চন্দ্রা মোড়ে পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা না থাকায় যে যার মতো করে গাড়ি চালানোর কারণে জটলা পাকিয়ে যায়।
রাস্তায় পশুবাহী ট্রাকের সংখ্যা বেড়ে যাওয়া এ অবস্থার অন্যতম কারণ বলে বলাই দাস জানান।
ঈদের সময় মহাসড়কে যানজট প্রায় অনিবার্য ঘটনা। বিশৃঙ্খলভাবে গাড়ি চালানো ও দুর্ঘটনা ছাড়াও চাঁদাবাজি, ফিটনেসহীন গাড়ি বিকল হওয়া এবং বিপুলসংখ্যক অননুমোদিত ছোট গাড়ি মহাসড়কে নামানো এর প্রধান কারণ বলে মনে করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৯৫৩ঘ.
bdnews24