শেরপুর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোস্টার লাগানো নিয়ে বুধবার রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলা যুবদলের দু'গ্র"পের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহত শ্রীবরদী পৌর যুবদল সভাপতি এসএম সোহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আব্দুর রউফ মিয়া বলেন, রাতে কয়েকজন যুবদল কর্মী জেলা বিএনপির এক নেতার ঈদের শুভেচ্ছা জানানোর পোস্টার লাগাতে যায় পৌর শহরে। এ নিয়ে উপজেলা যুবদলের এক নেতার সঙ্গে পৌর যুবদলের এক নেতার কথা কাটাকাটি হয়। তা থেকে তাদের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়।
রাত সাড়ে ১০টার দিকে উভয় গ্র"প রামদা, লাটিসোঠা ও ইট পাটকেল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
শ্রীবরদী থানার ওসি মোস্তাছিনুুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় আহত সোহানের পক্ষ থেকে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগটি তদন্ত করে দেখছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৯১৯ ঘ.
bdnews24