২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিওএইচএসে চুরি

ঈদের ছুটি শুরু হওয়ার ঠিক আগে রাজধানীর অপেক্ষাকৃত নিরাপদ এলাকা হিসেবে পরিচিত মহাখালী ডিওএইচএসে বুধবার রাতে দুটি প্রতিষ্ঠানে চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 08:18 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটি শুরু হওয়ার ঠিক আগে রাজধানীর অপেক্ষাকৃত নিরাপদ এলাকা হিসেবে পরিচিত মহাখালী ডিওএইচএসে বুধবার রাতে দুটি প্রতিষ্ঠানে চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তরা দাবি করছেন, তাদের প্রতিষ্ঠানের কোটি টাকার বেশি নিয়ে গেছে চোররা। পুলিশ বলছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জিএমএস কম্পোজিট নিটিং ইন্ড্রাস্ট্রিজ ও অল্ট্রানেট গ্র"পের কর্মকর্তারা বলছেন, ডিওএইচএসের ২৮ নম্বর সড়কের ৩৬৫ নম্বর বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলায় অবস্থিত তাদের কার্যালয়ে চুরি হয়েছে। জিএমএস কম্পোজিট নিটিং ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মো. আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বুধবার রাত ৮টার পর অফিস বন্ধ করে চলে যাই। আজ (বৃহস্পতিবার) সকালে এসে দেখি পেছনের দরজা ভাঙ্গা। লকার খুলে দেখি নগদ প্রায় ১ কোটি টাকা নেই।" সকালে ওই কার্যালয়ে গিয়ে পুরো অফিস তছনছ অবস্থায় দেখা যায়। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের বেতন-বোনাস দেওয়ার জন্য ওই টাকা ব্যাংক থেকে তোলা হয় বলে জানান আহসানুল। ওষুধ আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান অল্ট্রানেট গ্র"প এর প্রধান কাজী এহতাশামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার প্রতিষ্ঠানের ১০ লাখ নগদ টাকাসহ ১৫ লাখ টাকা মূল্যমানের সামগ্রী চুরি হয়েছে। তৃতীয় তলায় তাদের কার্যালয়েও একই অবস্থা দেখা যায়। ভবনের দারোয়ান জাফর আলী জানান, পাঁচ তলার ভাড়াটে একা থাকেন। বুধবার রাতে তার চার বন্ধু নিয়ে ওই বাড়িতে যান। তারা রাত ১২টা পর্যন্ত ছিলেন। চুরির খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে ওই ভবনে যায়। এ বিষয়ে যোগাযোগ করা হলে কাফরুল থানার উপ-পরিদর্শক আরশাদুল হক ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি আমরা খতিয়ে দেখছি।" ঈদে নগরজুড়ে বাড়তি নিরাপত্তার মধ্যেই ডিওএইচএসের এই ঘটনা ঘটলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এমআই/১৩৫০ ঘ.