সুনামগঞ্জ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ছাতকে বুধবার ভোররাতে গণপিটুনিতে একজন নিহত হয়েছে।
নিহতের নাম তমিজউদ্দিন (৪০)। এক বাড়িতে ডাকাতি করতে গিয়ে সে গণপিটুনির শিকার হয় বলে পুলিশ জানায়।
ছাতক থানার ওসি জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাউয়াবাজার ইউনিয়নের বিনন্দপুর গ্রামের গেদু মিয়ার বাড়িতে হানা দেয় ডাকাত দল। ওই সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে তমিজকে ধরে ব্যাপক মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ সকালে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
নিহত তমিজের বাড়ি উপজেলার সৈয়দগাঁও ইউনিয়নের ঝিগলীগ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.
bdnews24