নারায়ণগঞ্জে হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে জেলার একটি আদালত।
এছাড়া ২১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জালালউদ্দিন এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- শফু ওরফে সোহেল, বারেক, আফসারউদ্দিন, শওকত আলী ও ওমর আলী।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মঞ্জরুল হক, শহীদ, কামাল, আক্তার হোসেন, ফাইজউদ্দিন, নুরুল ইসলাম, বিল-াল, হাসান আলী, লিয়াকত আলী, ইউনুস আলী, কাওয়াল কালাই, আফাজউদ্দিন, হেলালউদ্দিন, আক্তার, আক্তার, কফিলউদ্দিন, শামসুল হক, হেকমত, বেলা, ফালান ও আলম।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে আটজন ছাড়া সবাই আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে আটজন পলাতক রয়েছেন।
এছাড়া বিচার চলাকালে দুই আসামি রেজ্জাক ও আলাউদ্দিন মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়।
আসামিদের সবার বাড়ি আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায়।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালের ১০ সেপ্টেম্বর মর্দাসাদী এলাকার একটি তাঁত কারখানার মালিক আব্দুল লতিফের বাড়িতে পুলিশ পরিচয়ে সন্ত্রাসীরা ঘরে ঢোকে। তারা আব্দুল লতিফের ভাই হযরত আলী ও তার ছেলে শাহীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
আসামিরা পরে লতিফকে ধরে নিয়ে যায়। পরদিন সকালে তার লাশ পাওয়া যায় আড়াইহাজার জোয়ানদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি পুকুরে।
এ ঘটনায় লতিফের ভাই আব্দুল মান্নান বাদী হয়ে ২৮ জনকে আসামি করে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন।
রাষ্টপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুর রহিম। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট রইসউদ্দিন, জাহিরুল হক।
