চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর জুবিলী রোড সংলগ্ন এনায়েত বাজার এলাকায় মঙ্গলবার দুপুরে আগুনে ১০ টি বসতঘর পুড়ে গেছে।
এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস বলেছে।
তবে ক্ষতির পরিমাণ আরও বেশি বলে স্থানীয়দের ধারণা।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মী সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে এগারটার দিকে এনায়েত বাজার এলাকায় একটি ভাড়াটিয়া ঘরে গ্যাস লাইন লিক হয়ে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুতই পার্শ্ববর্তী আরও নয়টি ঘরে ছড়িয়ে পড়ে।
তিনি আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২লাখ টাকা জানালেও ওই এলাকার বাসিন্দারা জানান, পুড়ে যাওয়া মালামালের দাম ১০ লাখ টাকা ছাড়িয়ে যাবে।
ফায়ার সার্ভিসের ৪ টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় বলে ফায়ার সার্ভিস কর্মী সাইদুর রহমান উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২১২৮ঘ.
bdnews24